দেশব্যাপী তীব্র দাবদাহের পর হঠাৎ বৃষ্টি জনমনে স্বস্তি ফিরিয়ে আনলেও বৃষ্টির সঙ্গে বৈশাখী ঝড় কেড়ে নিয়েছে ১৯ জনের প্রাণ। স্বস্তির বদলে এখন মাতম চলছে সেসব পরিবারে।
শুধু প্রাণই নয়, ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার একর জমির ফসল। আশ্রয়স্থল আর সম্বল হারিয়ে এখন দিশেহারা অসংখ্য মানুষ। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অনেক জনপদ।
গত রোববার রাতে দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। গতকাল সোমবারও কোথাও কোথাও আঘাত হানে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগের দমকা হাওয়া। কয়েক মিনিটের তাণ্ডবে এখন ভুতুড়ে অনেক গ্রাম।
ঝড়ের কবলে পড়ে নেত্রকোনায় নয়জন, সুনামগঞ্জের ধরমপাশায় চারজন, নওগাঁয় তিনজন, সিলেটের কানাইঘাটে একজন, টাঙ্গাইলের মির্জাপুরে একজন এবং পাবনার বেড়ায় ঝড়ের সময় বজ্রপাতে একজনসহ মোট ১৯ জন নিহত হয়েছেন। দৌলতদিয়ায় পদ্মা নদীতে বজ্রপাতে প্রাণ হারান এক জেলে। এ ছাড়া বিভিন্ন স্থানে কয়েক শ আহত হন।
ঢাকার বাইরে আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নেত্রকোনা: নেত্রকোনায় নয়জনই ঘরের নিচে চাপা পড়ে মারা যান। তাঁদের মধ্যে চারজনই একই পরিবারের। তাঁরা হলেন কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষমপুর গ্রামের আবদুল মোতালেবের স্ত্রী আফরোজা বেগম (৩৫), তাঁদের ছেলে সাগর মিয়া (১০), রাসেল মিয়া (৬) ও রানা মিয়া (৪)। এ ছাড়া ওই উপজেলায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রানীগাঁও গ্রামের নেছা (৭০) ও নয়ানগর গ্রামের মামুন (১৪)। নিহত অপর তিনজন হলেন বারহাট্টা উপজেলার গাবড়কান্দা গ্রামের এমদাদ (১৪), মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের সোমা আক্তার (৯) ও সদর উপজেলার বর্নি গ্রামের ফজর আলী মুন্সি (৮০)।
ঝড়ে সদর, কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা ও মোহনগঞ্জ উপজেলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে ছয় হাজার কাঁচাপাকা বাড়িঘরসহ অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের। অনেক উপজেলা গতকাল বিকেল পর্যন্ত বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।
ধরমপাশা (সুনামগঞ্জ): ধরমপাশায় ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে ও গাছের চাপায় চারজন নিহত ও চার শতাধিক মানুষ আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাঁচ সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে ১০ সহস্রাধিক গাছপালা।
নিহত ব্যক্তিরা হলেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর নয়াহাটি গ্রামের কাছু মিয়া (৩৬), একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে বিবি আক্তার (৭), সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের সামছু মিয়া (৬৫) ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের দুধ মিয়া (৫০)।
নোয়াবন্দ গ্রামের কৃষক রজব আলী (৭৫) বলেন, ‘এই বান আমার জীবনেও দেহি নাই। জমির ফসল, ঘরবাড়ি সবকিছু তছনছ কইর্যা দিছে। অনে কী যে অইব তা ওপরওয়ালাই জানেন।’
ধরমপাশা উপজেলা কৃষি কর্মকর্তা এ ওয়াই এম আমিনুল ইসলাম জানান, ঝড়ে এখানকার ১০টি ইউনিয়নের এক হাজার হেক্টর বোরো জমির ধান সম্পূর্ণ বিনষ্ট হয়েছে।
আদমদীঘি (বগুড়া): রোববার রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড-সংলগ্ন চকবিরাম এলাকায় ঘরের ছাউনি উড়ে তার নিচে চাপা পড়ে আবু ইসা (২৫) মারা যান। একই সময় পত্নীতলা উপজেলার শীতল গ্রামে জমিতে সেচ দেওয়ার সময় বজ্রপাতে মারা যান কৃষক মাহমুদুল হক (২৮)। বদলগাছী উপজেলার সোয়াশা গ্রামের পিয়াস নামের তিন বছর বয়সী একটি শিশু মারা গেছে গাছের ডালের আঘাতে।
ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় উঠতি বোরো ধান ও ভুট্টাসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৩০টি বাড়ির ঘরের টিন উড়ে গেছে শেরপুরে।
গোয়ালন্দ (রাজবাড়ী): ঝোড়ো বাতাসের কারণে গতকাল ভোরে এক ঘণ্টা ও আগের রাতে দেড় ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল। দুই দফায় প্রায় আড়াই ঘণ্টার মতো যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে। সকাল পৌনে সাতটার দিকে বাতাসের গতিবেগ কমে এলে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঝড়ের মধ্যে গতকাল সকালে দৌলতদিয়ার পদ্মা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ফরিদ শেখ (৩০) নামের এক জেলে মারা যান। এ সময় তাঁর সঙ্গে থাকা ছোট ভাই ফরহাদ শেখও (২৫) গুরুতর আহত হন। তাঁদের বাড়ি পাবনার বেড়া উপজেলার মোহনগঞ্জ গ্রামে।
নীলফামারী: নীলফামারী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুবেল ইসলাম বলেন, ঝড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর গাছ পড়ে ও বিভিন্ন স্থানে তার ছিঁড়ে পড়ায় রোববার রাত আটটা থেকে সদর, ডোমার, ডিমলা, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। রাত একটার দিকে নীলফামারী শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। কিন্তু অন্যান্য উপজেলায় গতকাল বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।
এ ছাড়া ঝড়ে বিভিন্ন উপজেলায় সহস্রাধিক ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। মারাত্মক ক্ষতি হয় উঠতি ভুট্টাখেতের।
সিলেট: জেলার কানাইঘাট উপজেলায় ঝড়ের কবলে পড়ে নিহত হন আলতাফুন্নেছা (৫৫)। তিনি উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের গোরকপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর স্ত্রী। এ ছাড়া ঝড়ে অন্তত ১৫ জন আহত হন। ঝড়ে সিলেট নগরের বিভিন্ন স্থানে প্রচুর গাছপালা উপড়ে পড়েছে। গাছপালা পড়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হওয়ায় গতকাল বিকেল পর্যন্ত অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। জেলার ১২ উপজেলায় অর্ধশতাধিক কাঁচা ঘর ও দুই শতাধিক গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানি বাইপাস এলাকায় রোববার রাতে টিনের চাল পড়ে রাজিব (১৫) নামের এক কাঠমিস্ত্রি মারা যান।
এ ছাড়া জয়পুরহাট, শেরপুর, মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে ঝড়ে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা বোরো ফসলের। তা ছাড়া কলাবাগান, ভুট্টাবাগানেরও ক্ষতি হয়েছে। উপড়ে গেছে হাজার হাজার গাছপালা। ঝরে পড়েছে গুটি আম।