কালবৈশাখী ঝড়ে একজনের মৃত্যু, ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত শনিবার রাতে পাঁচটি ইউনিয়নের ১৪টি গ্রামে কালবৈশাখী ঝড়ে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। ঝড়ে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমুল, রামকান্দা, উদুয়ারকান্দা, জারিয়া ইউনিয়নের মৌদাম, নোয়াগাঁও, হোগলা ইউনিয়নের শিবপুর, ভিকুনিয়া, সদর ইউনিয়নের জুগলি, ভিতরগাঁও, হিরিভিটা, দিঘজান, আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামসহ মোট ১৪টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে হোগলা ইউনিয়নের শিবপুর গ্রামে ঘরের নিচে চাপা পড়ে ওই গ্রামের বাসিন্দা আবদুর রশিদ (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া বিভিন্নভাবে আহত হন কমপক্ষে ১০ জন। এঁদের মধ্যে ভিতরগাঁও গ্রামের আবদুস সাত্তার (৬০) ও হেলেনা খাতুনকে (৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝড়ে জুগলি ও হিরিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘজান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌদাম স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং মেঘশিমুল আদর্শ শিশু কানন একাডেমির ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া আধা পাকা ঘরসহ শতাধিক টিনশেড ও কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ের সময় শিলাবৃষ্টিতে আগাম বোরো ফসলেরও ক্ষতি হয়েছে।
পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর হোসেন রোববার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ইউএনও মোহাম্মদ নূর হোসেন প্রথম আলোকে বলেন, ঝড়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। তা ছাড়া শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন, ঘর চাপায় নিহত ব্যক্তির পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রাথমিকভাবে পাঁচ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে বরাদ্দ বৃদ্ধি করা হবে।