কালবৈশাখী ঝড়ে প্রাণ গেল তিনজনের

কালবৈশাখী ঝড়ে আবার বগুড়াতে প্রাণ গেল দুজনের। ৪ এপ্রিলও বগুড়ায় কালবৈশাখী ঝড়ে ১৯জনের মৃত্যু হয়। এ ছাড়া গতকালের ঝড়ে গাইবান্ধায়ও একজনের মৃত্যু হয়েছে। শহর ও গ্রাম এলাকায় কাঁচাঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা।
বগুড়ায় নিহত দুজন হলেন সদর উপজেলার আশোকোলা এলাকার বেলাল হোসেন (৬৫) ও সোনাতলা উপজেলায় পাকুল্যা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাদল কাজী (৬০)। আর গাইবান্ধায় নিহত ব্যক্তি হলেন সাদুল্যাপুর উপজেলার গলনা নরায়নপুর গ্রামের নবাব আলী (৪৫)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর...
বগুড়া: প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ে উপড়ে গেছে গাছপালা ও বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি। উড়ে যায় কাঁচা ঘরবাড়ির টিনের চাল। ক্ষতি হয় পাকা বোরো ধানসহ ফসলের। ঝড়ের সময় আশোকোলা এলাকায় ‘লাভা ব্রিকস ফিল্ড’ নামে একটি ইটভাটার নিরাপত্তার দায়িত্বে থাকা শ্রমিক বেলাল হোসেন ভাটা সংলগ্ন একটি ঘরে অবস্থান করছিলেন। ঝড়ে ঘরের দেয়াল ধসে পড়লে এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
এদিকে নিশ্চিন্তপুর গ্রামের লোকজন জানান, গতকাল রাতে নৌকা নিয়ে বাঙ্গালী নদীতে মাছ ধরতে বের হয়েছিলেন নিশ্চিন্তপুরের বৃদ্ধ বাদল কাজী। মধ্যরাতে নৌকাটি ঝড়ের কবলে পড়ে মাঝ নদীতে ডুবে যায়। এতে বাদল কাজী নদীতে ডুবে যান।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলম জানিয়েছেন, নতুন করে দুজনের প্রাণহানিসহ ১৮ দিনের ব্যবধানে জেলায় ঝড়ে এ পর্যন্ত সরকারি হিসাবে ২১ জনের প্রাণ গেল। ৪ এপ্রিল রাতের ঝড়ে জেলায় ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বগুড়া আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আফরোজা খাতুন প্রথম আলোকে বলেন, গতকাল ঘণ্টায় ৫৬ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের স্থায়িত্ব ছিল রাত ১২টা ২০ মিনিটি থেকে ১২টা ২৩ মিনিট পর্যন্ত।

গাইবান্ধা: রাতে ঝড়ে গাইবান্ধা সদর, সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার শতাধিক কাঁচা ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান বিধ্বস্ত এবং অসংখ্য গাছপালা উপড়ে গেছে। গাছ চাপা পড়ে সাদুল্যাপুর উপজেলার গলনা নারায়ণপুর গ্রামের নবাব আলী মারা যান। ঝড়ের কারণে রাত ১১টা থেকে গাইবান্ধা জেলা শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ বুধবার বিকেল তিনটা পর্যন্ত জেলা শহর ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ চালু হয়নি।
গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন বলেন, গাছ উপড়ে গাইবান্ধা-পলাশবাড়ী ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এদিকে ঝড়ে গাইবান্ধা সদর উপজেলার গিদারি দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের চারটি ও গিদারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ বিধ্বস্ত হয়। এ ছাড়া ঝড়ের কারণে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম জানান।