কালবৈশাখীতে ইটভাটার ১০ কোটি টাকার ক্ষতি
কালবৈশাখীর আঘাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শতাধিক ইটভাটার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইট ভাটার মালিকদের দাবি, ঝড়ে প্রায় ১০ কোটি টাকার ইট নষ্ট হয়ে গেছে। গত মঙ্গলবার রাঙ্গুনিয়ায় দুই দফায় কালবৈশাখী আঘাত হানে। স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবারের কালবৈশাখীতে রাঙ্গুনিয়া পৌরসভা ও তিন ইউনিয়নের প্রত্যন্ত এলাকা লন্ডভন্ড হয়ে যায়। ঝড়ে উপজেলার ইটভাটাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১১টায় কালবৈশাখী শুরু হয়। যা থেমে থেমে দুপুর একটা পর্যন্ত চলে। সন্ধ্যা সাতটার দিকে দ্বিতীয় দফায় ঝড় শুরু হয়। যার স্থায়িত্ব ছিল ১০ মিনিট।ইটভাটার মালিকেরা জানান, উপজেলার ইসলামপুর, উত্তর রাজানগর, লালানগর, কোদালা, বেতাগি, হোচনাবাদ ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে প্রায় ১৩৫টি ইটভাটা রয়েছে। এগুলোতে পোড়ানোর জন্য প্রায় তিন কোটি কাঁচা ইট তৈরি করা হয়। কিন্তু ঝড়ে এসব ইট ভিজে গলে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, শ্রমিক-সংকটের কারণে ইটভাটার কাজ দেরিতে শুরু হয়। এ কারণে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তার মধ্যে কালবৈশাখীতে তৈরি ইট গলে নষ্ট হওয়ায় মালিকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, কোনো কোনো ইটভাটায় ১৫ থেকে ২০ লাখ ইট নষ্ট হয়ে গেছে, যার বাজারমূল্য ৪৫ থেকে ৬০ লাখ টাকা। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, কালবৈশাখীতে পৌরসভা ও তিন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ঘরবাড়ি ও গাছপালার সঙ্গে ইটভাটারও ব্যাপক ক্ষতি হয়েছে। ইউএনও বলেন, এ ব্যাপারে বিভাগীয় পর্যায়ে প্রতিবেদন পাঠানো হয়েছে।