কালবৈশাখীতে ঘরবাড়ি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ১
চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন উপজেলায় গতকাল বুধবার কালবৈশাখীতে গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কক্সবাজারের উখিয়ায় একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন উপজেলায় বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে নগরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, বিদ্যুতের খুঁটি ও গাছ সড়কের ওপর পড়ায় আনোয়ারা-বাঁশখালী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে উপজেলায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে পড়েছে। পটিয়া, চন্দনাইশ, দোহাজারী ও সাতকানিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলেও রাতের মধ্যে কিছু এলাকায় আবার সরবরাহ দেওয়া হয়েছে। বাঁশখালী পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক নূর মো. আজম জানান, বাঁশখালীতে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা চালু করতে অন্তত দুই দিন লাগবে। কালবৈশাখীতে বাঁশখালীর খানখানাবাদ, গন্ডামারা, ছনুয়া, সরল ও সদরের জলদি ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘরের ছাউনি উড়ে গেছে। বেলা ১১টা ও তিনটায় দুই দফা ঝড় হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চট্টগ্রাম পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (দক্ষিণ) মিন্টু রঞ্জন চৌধুরী বলেন, ‘দ্রুত বিদ্যুৎ-পরিস্থিত স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে।’উখিয়া (কক্সবাজার): উপজেলায় শাহানাজ বেগম নামের এক নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। এ ছাড়া শতাধিক কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড এবং অসংখ্য ফলদ গাছ ও পানের বরজ বিনষ্ট হয়েছে। ভারী বাতাসে পল্লী বিদ্যুতের খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে যাওয়ায় বর্তমানে উপজেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কালবৈশাখী আঘাত হানে। উপজেলার রত্নাপালং, রাজাপালং, হলদিয়া পালং, জালিয়া পালং ও পালংখালী ইউনিয়নের ৬৪টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে গাছ ও ঘর ভেঙে পড়ে শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়। উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী গোপাল চক্রবর্তী জানান, পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মহেশখালী: উপজেলার ধলঘাটা, মাতারবাড়ী, কালারমারছড়া ও কুতুবজোম ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আর বিদ্যুতের তিনটি টাওয়ার ভেঙে পড়ার কারণে উপজেলার সব ইউনিয়নের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এলাকার জনগণ দুর্ভোগের কবলে পড়েছে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, সুতরিয়া, সরইতলা, পন্ডিত ডেইলসহ আটটি গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ধলঘাটার পশ্চিমের বেড়িবাঁধের ব্লকের ধাক্কা খেয়ে পাঁচটি নৌকা ভেঙে গেছে। মহেশখালী পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) বিপ্লব কুমার সরকার জানান, হোয়ানক ইউনিয়নের বিদ্যুতের মেইন লাইনের তিনটি খাম্বা ভেঙে পড়ার কারণে গতকাল বিকেল থেকে উপজেলার সব কটি ইউনিয়নের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টেকনাফ: উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক পানের বরজের পাশাপাশি ধান ও মরিচের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাতটি ইটভাটার প্রায় এক কোটি কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এ ছাড়া পাকা বোরো ধান, শতাধিক পানের বরজ ও মরিচখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। টেকনাফ ইটভাটা মালিক সমিতির সভাপতি আবুল হাশেম জানান, এতে তাঁদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।