কালবৈশাখীতে ছয় জেলায় সাতজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গত রোববার সন্ধ্যায় ঝড়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে। এ কারণে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ছবিটি ছয়গাঁও এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গত রোববার সন্ধ্যায় ঝড়ে বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়ে। এ কারণে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ছবিটি ছয়গাঁও এলাকা থেকে গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রেকর্ড সৃষ্টিকারী দাবদাহের অবসান ঘটিয়ে অবশেষে গত রোববার সন্ধ্যায় দেশের বেশির ভাগ এলাকায় দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। তবে বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছয় জেলায় মারা গেছেন অন্তত সাতজন।
ঢাকার বাইরে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: কসবা উপজেলায় কালবৈশাখীর আঘাতে বিধ্বস্ত হওয়া ঘরের নিচে চাপা পড়ে মারা গেছে স্কুলছাত্র আনোয়ার হোসেন (৯)। সে উপজেলার নোয়াগাঁও গ্রামের গোলাম রব্বানীর ছেলে। রোববার রাত আটটার দিকে উপজেলার কসবা পৌর এলাকা, কায়েমপুর, বিনাউটি, খাড়েরা, কুটি, বায়েক, মূলগ্রাম মেহারী, বাদৈর ও গোপীনাথপুর ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এ সময় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এ ছাড়া ঝড়ে বহু এলাকার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
চাঁদপুর: কালবৈশাখীতে সদর উপজেলার বালিথুবা গ্রামে ভেঙে পড়া গাছের ডালের আঘাতে মৃত্যু হয়েছে সামছুন্নাহার (৫৫) নামের এক নারীর। এ ছাড়া গাছের ডালের আঘাতে গৃদকালিন্দিয়া এলাকায় ইছহাক (৪৫) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঝড়ে সদর উপজেলাসহ তিনটি উপজেলায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছ ও বৈদ্যুতিক খুঁটি।
কুমিল্লা: বুড়িচং উপজেলার শাহদৌলতপুর গ্রামে ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল চাপা পড়ে মারা গেছেন চান মিয়া (৬৫) নামের এক ব্যক্তি। দাউদকান্দি ও তিতাস উপজেলায় শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া এই দুই উপজেলাসহ মেঘনা ও হোমনা উপজেলায় ৭০টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মুন্সিগঞ্জ: সিরাজদিখান উপজেলায় সন্ধ্যার কালবৈশাখীর আঘাতে দেয়াল চাপা পড়ে নুরুল ইসলাম রিংকু (৪০) এবং ঝড়ের সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে শহিদ ব্যাপারী (৪৫) নামের দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুঁটি উপড়ে ও তার ছিঁড়ে বহু এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নরসিংদী: ঝড়ে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেপ্রতাব বাসস্ট্যান্ড এলাকায় ভেঙে পড়া বিলবোর্ডের নিচে চাপা পড়ে ট্রাকচালকের সহকারী আওলাদ হোসেন মারা গেছেন। তাঁর বাড়ি হবিগঞ্জের বাহুবলে।
চুয়াডাঙ্গা: দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামে কালবৈশাখীতে ভেঙে পড়া আমগাছের নিচে চাপা পড়ে দাউদ হোসেন (৪৮) নামের একজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বড় ভাই বদর উদ্দিন (৫০)। এ ছাড়া শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় আম, লিচু, বোরো ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
নড়াইল: ঝড়ে জেলার বিভিন্ন স্থানে প্রায় ১০০ কাঁচা বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে পড়াসহ ব্যাপক ক্ষতি হয়েছে মৌসুমি ফল ও ফসলের।