কালবৈশাখীতে ঝরে পড়েছে ৩৫০ টন আম
চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নাটোরসহ আশপাশের এলাকায় গত সোমবার বিকেলে কালবৈশাখী বয়ে গেছে। এতে চাঁপাইনবাবগঞ্জে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, ঝড়ে ৩৫০ টন আম ঝরে পড়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাই-নবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আখতারুজ্জামান জানান, বেলা সোয়া তিনটার দিকে ঝড় শুরু হয়। প্রথমে দমকা হাওয়া বয়ে গেলেও কিছুক্ষণ পর প্রচণ্ড গতিবেগে ঝড় শুরু হয়। এতে সদর উপজেলার বারঘোরিয়া, ঝিলিম, বালিয়াডাঙ্গা, সুন্দরপুর ও শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নে প্রায় দেড় লাখ আমগাছ ক্ষতিগ্রস্ত হয়। ঝরে পড়ে প্রায় ৩৫০ টন আম। বগুড়া: বগুড়ায় গত সোমবার বিকেলে মাত্র নয় মিনিটের ঝড়ে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি, বিদ্যুতের খুঁটি, গাছপালা এবং মুঠোফোন ও বিদ্যুতের টাওয়ার ভেঙে ও উপড়ে পড়ে। এতে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ড ভেঙে পড়ায় কয়েক শ টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বগুড়ার আবহাওয়া অফিস জানায়, ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১১ কিলোমিটার।নাটোর: সোমবার বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত নাটোর সদর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া ও সিংড়া উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। এতে এসব এলাকার কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট উড়ে গেছে। ভেঙে পড়েছে গাছের ডালপালা।