কালবৈশাখীতে দুই স্থানে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে গত সোমবার সন্ধ্যায় ও রাতে কালবৈশাখী বয়ে গেছে। এতে পাবনার সাঁথিয়ায় দুজন ও লালমনিরহাটে একজন মারা গেছে। কুড়িগ্রামে খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:বেড়া (পাবনা): ঘরচাপায় দুজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বেড়া ও সাঁথিয়া উপজেলার দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া কয়েক শ বিঘা জমির ধান, পেঁয়াজসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সাঁথিয়ার পুণ্ডুরিয়া, বায়া, তলট, আফরা, বাওইটোলা, কলইচড়া, শহীদনগর, সোমাসনারি এবং বেড়া উপজেলার চাকলা, পাঁচুরিয়া, পায়না, হাটুরিয়া, জগন্নাথপুর, নাকালিয়াসহ অন্তত ২৫ গ্রামের প্রচুর ক্ষতি হয়েছে।ঝড়ের সময় ঘরের নিচে চাপা পড়ে সাঁথিয়ার আফরা ভাদালিয়াপাড়া গ্রামের আফতাব হোসেন (৭০) এবং পুণ্ডুরিয়া গ্রামের রানী নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রী মারা যায়। এ সময় সাঁথিয়ার পুণ্ডুরিয়া গ্রামের লালবানু (১৬), জ্যোৎস্না (৩০), নয়ন (১৩), আমিন (২০) এবং বেড়া উপজেলার হাটুরিয়া গ্রামের হেলাল, জালালসহ অন্তত ২০ জন আহত হয়। সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রাজ্জাক সরকার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। লালমনিরহাট: কালবৈশাখীর ছোবলে জেলায় পাঁচ হাজার ৪৯২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাট পৌরসভার খোর্দ্দ সাপটানা গ্রামের জসিম উদ্দিনের (২০) মাথায় গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। সদর উপজেলার কর্ণপুর গ্রামের আজগার আলী (৪৫) ঘরের টিনের আঘাতে গুরুতর আহত হন। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ গবাদিপশু, হাঁস-মুরগি নিয়ে সোমবার রাত থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছে।কুড়িগ্রাম ও ফুলবাড়ী: জেলার নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৩টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি ও ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের সময় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় এবং তার ছিঁড়ে যাওয়ায় জেলার বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ে। এতে কুড়িগ্রাম শহরসহ বিভিন্ন উপজেলায় প্রায় ১৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।এদিকে ঝড়ে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী গ্রামের আমজাদ হোসেন (৩০) আহত হয়েছেন। ঝড়ে কাশিপুর ইউনিয়নের অনন্তপুর দাখিল মাদ্রাসা, কাশিপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ মোড় বাজার, নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি নাওডাঙ্গা, চর গোরক মণ্ডল, কুরুশা ফেরুশা, বালার হাট বাজার ও গঙ্গার হাট বাজারের দোকানপাটের ক্ষতি হয়েছে।