কালবৈশাখীতে পাবনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীতে পাবনা ও ঈশ্বরদীতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৭০ জন। ঈশ্বরদীতে কয়েক হাজার কাঁচা ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। গত সোমবার সন্ধ্যার ঝড়ে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: পাবনা: সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঝড় শুরু হয়, চলে সাড়ে ছয়টা পর্যন্ত। ঝড়ে সদর উপজেলার তিনজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে ও খুঁটি উপড়ে জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাবনা সদর উপজেলার ইউএনও আবদুল হালিম জানান, ঝড়ে উপজেলার দোগাছী, ভাড়ারা, দ্বীপচর, নলদহ, চর কোষাখালী ও শহরের শালগাড়িয়া এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকার নয় থেকে দশটি শিক্ষাপ্রতিষ্ঠানের চাল উড়ে গেছে। দ্বীপচর ও ভাড়ারা এলাকায় অনেক বসতবাড়ির চাল উড়ে গেছে। উপজেলার শালগাড়িয়া মহল্লায় ঘরের চালা ভেঙে আফজাল হোসেন (৬০), নলদাহ গ্রামে গোরস্থানের ঘর ভেঙে সামিরন নেসা (৫০), চর কোষাখালী গ্রামে গাছচাপা পড়ে পাবনা প্রধান ডাকঘরের পোস্টাল অপারেটর মো. ইসমাইল হোসেন (৪৫) মারা গেছেন। আটঘরিয়া উপজেলার ইউএনও মো. সাইদুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছু বসতবাড়ির ও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঘরের চাল উড়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঈশ্বরদী (পাবনা): বজ্রপাতে পাকশীর মালপাড়া গ্রামের মাজেদা খাতুন (৬০) মারা গেছেন। বাড়িঘর ও গাছপালা ভেঙে উপড়ে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লিচুগাছের। লিচুচাষিরা জানান, এবারের প্রচণ্ড খরা ও সেচ-সংকটের কারণে গাছের অনেক লিচু ঝরে পড়ে। এরপর আবার কালবৈশাখীতে প্রচুর লিচু নষ্ট হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী): দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লঞ্চ, ফেরিসহ সব ধরনের নৌযান আটকা পড়ে। এ সময় ঘাটে আটকা পড়েন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মাহাবুব উল আলম তাঁর গাড়ি নিয়ে দৌলতদিয়া ঘাটে অবস্থিত ফেরি শাহ আলীতে ওঠেন। এর পর পরই হঠাত্ ঝড় শুরু হয়। ঝড়ে ওই ফেরির র্যামের তার ছিঁড়ে ফেরিটি পার্শ্ববর্তী ২ নম্বর ঘাটে অবস্থিত ফেরি আমানত শাহর সঙ্গে ধাক্কা খায়। রাত আটটার দিকে ঝড় থামলে তিনি নদী পার হন। ঝড় চলাকালে দৌলতদিয়া ঘাটে তিনটি, মাঝনদীতে একটি ও পাটুরিয়ায় আরও দুটি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে থাকে। এ ছাড়া দৌলতদিয়া প্রান্তে প্রায় চার শ ও পাটুরিয়া ঘাটে আরও ২০০ যান আটকা পড়ে।