কালবৈশাখীতে হাজার কাঁচা ঘর বিধ্বস্ত
নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার ওপর দিয়ে গতকাল বুধবার বয়ে যাওয়া কালবৈশাখীতে এক হাজারেরও বেশি কাঁচা ঘর বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে গেছে। আহত হয়েছে কমপক্ষে ৬০ জন। বজ্রপাতে নোয়াখালীর হাতিয়ার নলেরচরে একটি শিশু মারা গেছে।স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে সুবর্ণচর উপজেলার মোহামঞ্চদপুর, চর ক্লার্ক ও চর আমানউল্লা ইউনিয়নে ঝড় শুরু হয়। প্রায় ২০ মিনিট স্থায়ী এই ঝড়ে পাঁচ শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা ও উঠতি রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মোহামঞ্চদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক প্রথম আলোকে বলেন, ঝড়ে শুধু তাঁর ইউনিয়নেই কয়েক শ কাঁচা ঘর, একটি প্রাথমিক বিদ্যালয় ও বেশ কিছু দোকানপাট বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরির কাজ চলছে। একই ইউপির সদস্য মো. বাবুল বলেন, চর নোমান, চর উড়িয়া ও চর মুজামেঞ্চল এলাকায় ঝড়ে নারী-শিশু ও বয়স্ক ব্যক্তিসহ অন্তত ২০ জন আহত হয়েছে। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান বলেন, মোহামঞ্চদপুর, চর ক্লার্ক ও চর আমানউল্লা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য বিকেল পর্যন্ত তাঁর হাতে এসে পৌঁছায়নি। দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন। প্রশাসন সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য জেলা প্রশাসন তিন লাখ টাকা, পাঁচ মেট্রিক টন চাল ও ৫০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দিয়েছে। এর মধ্যে গতকাল ৫৫ হাজার টাকা ও চার মেট্রিক টন চাল ইউপি চেয়ারম্যানদের কাছে হস্তান্তর করা হয়েছে।এদিকে হাতিয়ার চানন্দি ইউনিয়নের ক্যারিং চর ও নলের চরের ওপর দিয়ে গতকাল দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল বিকেলে এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনিক কমিটির প্রধান ফয়েজ আহমঞ্চদ মুঠোফোনে জানান, ক্যারিং চরের জয়বাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়বাজার নুরানী মাদ্রাসা, জয়বাজারের ১১টি দোকান, সেনাবাহিনীর একটি ঘর, একটি মন্দির এবং নলের চরের পূর্ব আজিমনগর মাদ্রাসা বিধ্বস্ত হয়। ঝড়ে জয়বাজার নুরানী মাদ্রাসার ৪০ জন ছাত্র ও স্থানীয় দুই ব্যক্তি আহত হন। স্থানীয় লোকজন জানান, ঝড়ে ক্যারিং চরের ভূমিহীনদের প্রায় ৫০০ ঘর বিধ্বস্ত হয়েছে। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। এদিকে ঝড়ের সময় বজ্রপাতে নোয়াখালীর হাতিয়ার নলেরচরে হেলেনা বেগম (১২) নামের একটি শিশু মারা গেছে। হেলেনা নলেরচর প্রশাসনিক এলাকার আবুল কাশেমের মেয়ে। ঝড়ের সময় বজ্রপাতে শিশুর মৃত্যু ও মাদ্রাসার শিক্ষার্থী আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহিদুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।