কালবৈশাখীতে ৫০০ ঘর বিধ্বস্ত, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা, মাদারীপুরের শিবচর, মাগুরার শ্রীপুর ও রাঙামাটির রাজস্থলীতে গত মঙ্গলবার কালবৈশাখীতে ৫০০ বসতঘর বিধ্বস্ত হয়েছে। পাংশা ও শিবচরে ঘরের নিচে চাপা পড়ে সাতজন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোয়ালন্দ (রাজবাড়ী): পাংশা উপজেলার সাওরাইল ও কশবামাজাইল ইউনিয়নের নয়টি গ্রামের ২০০ কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে এবং ঘরের নিচে চাপা পড়ে তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন সাওরাইল ইউনিয়নের জামালপুর গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম (২৫), খোরজান মণ্ডল (৩৫) ও কশবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের হারুন মোল্লার মেয়ে বিথি (২)। ঝড়ে আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছপালা এবং তিল, পাটসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ঝড়ে জামালপুর মধ্যপাড়া জামে মসজিদ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।শিবচর (মাদারীপুর): শিবচরের নিলখী ইউনিয়নের তিনটি গ্রামের অন্তত ৭০টি বসতঘর ও একটি বিদ্যালয়ের ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে কলাতলা গ্রামের মন্না খাঁ, তাঁর স্ত্রী রঙ্গমালা বিবি (৪২), ছেলে রোকন খাঁ (২৬) ও একই গ্রামের মোতালেব দরানি (৩০) আহত হয়েছেন।মাগুরা: শ্রীপুর উপজেলার আমলসার ও দারিয়াপুর ইউনিয়নের দুই শতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে পাঁচ শতাধিক গাছ ভেঙে গেছে এবং পাটখেতের ব্যাপক ক্ষতি হয়েছে।রাঙ্গুনিয়া (চট্টগ্রাম): রাঙামাটির রাজস্থলী উপজেলার সাতটি গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঝড়ে ৩০টি ঘর বিধ্বস্ত হয়েছে এবং কলাবাগান, সবজিখেত ও কয়েক শ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।