কালবৈশাখীর আশঙ্কায় ৩ নম্বর সতর্কসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে পশ্চিম, উত্তর-পশ্চিমে তীব্র কালবৈশাখী বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে পতেঙ্গা আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গতকাল বুধবার বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। কালবৈশাখীর কারণে এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়, কালবৈশাখীর পাশাপাশি ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।