কালবৈশাখীর ছোবলে আটজনের মৃত্যু
ঝিনাইদহ, রাজবাড়ী, মাগুরা ও চুয়াডাঙ্গায় গত শুক্রবার রাতে কালবৈশাখীতে আটজন মারা গেছেন। ঝড়ে চার জেলার কয়েক শ কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ঝিনাইদহ: ঝিনাইদহ সদর ও শৈলকুপার ২৮টি গ্রামে কয়েক শ বাড়িঘর লন্ডভন্ড, গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে। বজ্রপাতের সময় ঘরের ভেতর থাকা তুহিন (১৫) ও সুহিন (১০) নামে দুই ভাই নিহত এবং তাদের বড় বোন কাজল রেখা আহত হয়েছে। তারা শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের আবুল কাশেমের ছেলেমেয়ে। ঝড়ে শৈলকুপার বদনপুর গ্রামের মাঠে দেশি প্রজাতির কয়েক শ পাখি মারা গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জয়নুল আবেদীন জানান, ঝড়ে ঝিনাইদহ সদরের ১৮টি ও শৈলকুপার ১০টি গ্রামের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকায় ১৭০ হেক্টরের কলা, ১৫ হেক্টরের পেঁপে, ১০ হেক্টরের আম ও ৬ হেক্টরের সবজির জমি নষ্ট হয়ে গেছে।রাজবাড়ী: পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বারুলিয়া গ্রামের আজগর আলী (৭১) ও কালীনগর গ্রামের ইসমাইল সরদার (৫৪) বজ্রপাতে মারা গেছেন। ঘরের চাল উড়ে যাওয়ার পর স্ট্রোক করে পাংশার সরিষা গ্রামের জাহানারা বেগম (৫৪) মারা যান। এ ছাড়া জেলার বিভিন্ন অঞ্চলে প্রায় চার হাজার ঘরবাড়ির ক্ষতি হয়েছে।মাগুরা: শ্রীপুরে ঝড়ের সময় ঘরচাপা পড়ে মারা গেছেন দুজন। তাঁরা হলেন গয়েশপুর ইউনিয়নের চাকদা গ্রামের বাহাদুর বিশ্বাস (৬৫) ও আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামের ছায়েতুন্নেছা (৭৫)। আহত হয়েছেন ১৫ জন। শ্রীপুরে দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অপূর্ব কুমার মণ্ডল বলেন, প্রতিটি ইউনিয়নেই কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বেশি ক্ষতি হয়েছে সদর, গয়েশপুর ও আমলসার ইউনিয়নে। উপজেলায় ঝড়ে কমপক্ষে দুই হাজারের বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোখলেসুর রহমান বলেন, প্রাথমিক হিসাবে জেলায় ১০-১২ হাজার হেক্টরের বেশি বোরো ধান আক্রান্ত হয়েছে। পাঁচ-সাত শতাধিক একর জমির কলা ও পেঁপে নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতি নিরুপণে দুদিন লাগবে। চুয়াডাঙ্গা: ঝড় ও শিলাবৃষ্টিতে গম, ভুট্টা, আম ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জীবননগর উপজেলার কাটাপোল গ্রামে মসজিদে এশার নামাজ পড়ার সময় গায়ের ওপর টিনের চাল পড়ে নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন আরও ১২ মুসল্লি।আলমডাঙ্গা উপজেলার সাহেবপুরে বজ্রপাতে মহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ গুরুতর আহত এবং ওই বাড়ির একটি গরু মরে গেছে। ঝড়ের কারণে শুক্রবার রাত আটটা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত একটানা ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল চুয়াডাঙ্গা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হরিবুলা সরকার জানান, শুক্রবার রাতের বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও ধান ও পাটের জন্য ভালো হয়েছে। ঝড়ে আম কিছু ঝরে গেলেও যেগুলো আছে, সেগুলোর জন্য ভালো হবে।