কালবৈশাখীর ছোবলে ছাত্র নিহত আহত ২০
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ভোরে কালবৈশাখীর ছোবলে ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়ে হাবিবুর রহমান (১০) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে মাদ্রাসার ১০ শিক্ষার্থীসহ কমপক্ষে ২০ জন।
ঝড়ে উপজেলার তেরশিরা ও কান্দুলিয়া গ্রামের একটি মাদ্রাসাসহ কমপক্ষে ৬০টি ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল ভোর চারটার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা ও কান্দুলিয়া গ্রামে কালবৈশাখী শুরু হয়। ঝড়ে তেরশিরা গ্রামের শাহাদাত উলুম নুরানি মাদ্রাসা ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ কমপক্ষে ৬০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
ওই মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক জানান, আবাসিক মাদ্রাসা হওয়ায় ২৫ জন শিক্ষার্থী রাতে মাদ্রাসায় ছিল। ভোরে হঠাৎ ঝড় শুরু হলে মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ১৪ জন শিক্ষার্থীকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর হঠাৎ বড় একটি গাছের ডাল ভেঙে টিনের চালের ওপর পড়ে। এতে ১১ শিক্ষার্থী চাপা পড়ে। পরে হাবিবুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। হাবিবুর তেরশিরা গ্রামের শামছুল হকের ছেলে।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।