কালবৈশাখীর ছোবলে ছয় হাজার আদিবাসী ঘরহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাটে সহিংসতার পর বসতভিটায় ফিরে এলেও এক মাসের মধ্যে ফের আশ্রয়হীন হতে হলো আদিবাসীদের। কালবৈশাখীর ছোবলে তাদের তাঁবু ও ঘরবাড়ি উড়ে গেছে। অধিকাংশ পরিবার খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে। জানা গেছে, সাজেক ইউনিয়নে গত মঙ্গলবার রাতের কালবৈশাখীতে কজতলী গ্রামের নিথুরমুখী চাকমা (৪৬) মারা যান। আহত হয় কমপক্ষে ৫০ জন। এ সময় ৩২টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। এতে ছয় হাজারের বেশি আদিবাসী গৃহহীন হয়ে পড়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা জানান, পরিষদ থেকে নিহতের পরিবারকে ১০ হাজার, আহতদের পরিবারকে দুই ও এক হাজার টাকা এবং ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।হাজাছড়ার জগদিশ চাকমা ও গঙ্গারামমুখের অরুণ চাকমা বলেন, ‘গত মাসে বাঙালিদের তাণ্ডবে আশ্রয় হারিয়ে জঙ্গলে গেছি। জঙ্গল থেকে ফেরার এক মাস যেতে না যেতেই কালবৈশাখীর ছোবলে আশ্রয়হীন হতে হলো। সামনে বর্ষাকাল। এ মুহূর্তে সরকার ব্যবস্থা না নিলে মানবিক বিপর্যয় দেখা দেবে।’ইউপি সদস্য নয়ন রঞ্জন চাকমা জানান, সহিংস ঘটনায় পাঁচ শতাধিক আদিবাসীর বিরুদ্ধে মামলা থাকায় অনেকে এখনো জঙ্গলে রয়েছে। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি আদিবাসী বাঙালিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে চার শতাধিক আদিবাসী পরিবার গভীর জঙ্গলে আশ্রয় নেয়।