কালবৈশাখীর পর বিপর্যস্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়

কালবৈশাখীর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুদিন ধরে বিদ্যুত্ নেই। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিদ্যুত্ বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গায় গাছ ভেঙে পড়ে। ওই দিন রাত থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় বিদ্যুত্ সংযোগ নেই। আজ শনিবার বিকেলেও ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার পড়ে আছে।
বিদ্যুত্ না থাকায় প্রচণ্ড গরম আর পানির সংকটে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী, শহীদ হবিবুর রহমান, শহীদ সোহরাওয়ার্দী, শহীদ জিয়াউর রহমান, মাদার বখশসহ বেশ কয়েকটি আবাসিক হলে পানি নেই। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সংযোগও।

বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী সাবিনা পুথি বলেন, ‘হলের বেশির ভাগ ছাত্রী রুমে রান্না করেন। বিদ্যুত্ না থাকায় রান্না করা সম্ভব হচ্ছে না। বাইরের হোটেলগুলোতেও ঠিকমতো খাবার পাওয়া যাচ্ছে না।’ শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী হাসান আদিব বলেন, ‘ঝড়ের পর থেকে বিদ্যুত্ না থাকায় রাত থেকেই পানি পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে পানি সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত না। এ ছাড়া রাতে বিদ্যুত্ না থাকায় ভোগান্তি হচ্ছে। শিক্ষকদের আবাসিক এলাকাতেও রয়েছে পানির সংকট।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন বলেন, ‘ঝড়ের পরদিন সকাল থেকেই বিদ্যুত্ বিভাগের লোকজন কাজ করছেন। দ্রুত বিদ্যুত্ দেওয়ার জন্য অতিরিক্ত লোক নিয়োগ করা হয়েছে। কিন্তু অনেক খুঁটি ভেঙে থাকায় দেরি হচ্ছে। আশা করছি, আগামীকাল রোববার দুপুরের মধ্যে বিদ্যুত্ দেওয়া সম্ভব হবে।’

শত শত পাখির মৃত্যু
কালবৈশাখীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়া ও তাপসী রাবেয়া হলের মধ্যবর্তী এলাকার বিভিন্ন গাছের পাঁচ শতাধিক পাখির বাসা ধ্বংস হয়েছে। মারা গেছে অসংখ্য পাখি। প্যারিস রোডের ঐতিহ্যবাহী সাতটি গগনচূড়া গাছসহ উপড়ে গেছে শতাধিক গাছ।
পাখি বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সেলিনা পারভীন জানান, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া ও তাপসী রাবেয়া হলের মধ্যবর্তী গাছগুলোতে ২০০৭-০৮ সালের দিকে বক কলোনি গড়ে ওঠে। সেখানে বক ও পানকৌড়ির চার শতাধিক বাসা ছিল। গত বৃহস্পতিবারের ঝড়ে এসব বাসা ধ্বংস হয়ে গেছে। এতে হাজারেরও বেশি পাখির ছানা মারা গেছে বলে আমরা ধারণা করছি। এ ছাড়া ঝড়ে বাসা নষ্ট হয়ে যাওয়ায় অনেক পানকৌড়ি ও বক ওই এলাকা ছেড়ে চলে গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আমিনুজ্জামান সালেহ রেজা বলেন, বিভাগের শিক্ষার্থীদের নিয়ে তাপসী রাবেয়া হলের ভেতরে গিয়ে দেখি, অসংখ্য পাখির ছানা মরে পড়ে আছে। আমরা হলের পুকুরে অনেক পাখির ছানাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখান থেকে জীবিত অবস্থায় নয়টি ছানা উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।