কালভার্ট ধসে প্রাণ গেল চারজনের
গাজীপুরে একটি পুরোনো কালভার্ট ভাঙার সময় ধসে পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর জেলা সদরের আন্দারিয়া এলাকার তৈয়ব আলীর ছেলে মো. হলু মিয়া (৪০), শেরপুরের নকলা উপজেলার কবুতরমারি এলাকার ইউনুছ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৩৫), একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মো. আজগর আলী (৩০) ও মো. সোহাগ (৪০)। সোহাগের বাড়ি জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও নির্মাণশ্রমিকেরা জানান, কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়ন পরিষদ সড়কের বরুন বাজার এলাকায় পুরোনো কালভার্টটি ভেঙে নতুন কালভার্ট নির্মাণের জন্য গতকাল সকাল সাড়ে আটটার দিকে চারজন শ্রমিক কালভার্টের ওপরে বড় হাতুড়ি দিয়ে ভাঙার কাজ করছিলেন। আরও সাত শ্রমিক কালভার্টের পাশে মাটি কাটার কাজ করছিলেন। হাঠৎ বিকট শব্দে কালভার্টটি প্রায় ২০ ফুট নিচে ধসে পড়ে। এতে কালভার্টের ওপরে কাজ করতে থাকা চার শ্রমিক ধসে পড়া কংক্রিটের স্লাপের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হন তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।
কালভার্টের ওপরে বসে শ্রমিকদের কাজ দেখছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। ধসে পড়ার পর তাঁদের দুজন মো. শাহজাহান মিয়া ও মোফাজ্জল হোসেন নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।