নাটোরের লালপুর উপজেলার মাধবপুর এলাকায় পাবনা-লালপুর-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে একটি কালভার্টের মাঝামাঝি অংশ ধসে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ১৪ জানুয়ারি এ ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
মাধবপুর গ্রামের মতিউর রহমান (৪৬) জানান, সপ্তাহ খানেক আগে হঠাত্ কালভার্টের মাঝামাঝি অংশ ধসে পড়ে। প্রতিদিন কয়েক হাজার যানবাহন এই রাস্তায় ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় কালভার্টটি সম্পূর্ণ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে দ্রুত মেরামত করা দরকার।
লালপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা যায়, মাধবপুর এলাকায় ধসে পড়া কালভার্টের দৈর্ঘ্য ২৫ ফুট ও প্রস্থ ১২ ফুট। উপজেলার প্রধান এই সড়কে প্রতিদিন কয়েক শ যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকোনো সময় কালভার্টটি সম্পূর্ণ ধসে পড়তে পারে। ১০ বছর আগে এ আঞ্চলিক মহাসড়কের সম্প্রসারণের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনায়েম কনস্ট্রাকশন লিমিটেড। ওই সময় এই কালভার্ট নির্মাণ করা হয়।
ট্রাকচালক আমিরুল ইসলাম জানান, এ সড়কে যাতায়াতকারী পণ্যবাহী ভারী যানবাহনগুলোকে বনপাড়া হয়ে অতিরিক্ত প্রায় ৬০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।
লালপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মাধ্যমে কালভার্টটি সংস্কার করা হবে।
সওজ নাটোরের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী জানান, কালভার্টটি সাময়িকভাবে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরে এটি ভেঙে পুনর্নির্মাণ করা হবে।