কালভার্ট ধসে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের বরাট এলাকার পাইপ কালভার্টটি নির্মাণের এক মাসের মধ্যেই বৃষ্টিতে এটি সড়কসহ ধসে পড়েছে। দুই সপ্তাহ আগে ধসে পড়ে কালভার্টটি। এতে ওই এলাকা দিয়ে চলাচলকারী মানুষ দুর্ভোগে পড়েছে।
মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর শুরুর দিকে জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর থেকে বৃহত্তর ফরিদপুর জেলার মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৪-২০১৫ অর্থবছরে গোয়ালন্দ উপজেলায় চারটি পাইপ কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ছোটভাকলা ইউনিয়নের বরাট বাজার-চৌধুরী আবদুল হামিদ একাডেমি সড়কে প্রায় দেড় লাখ টাকার পাইপ কালভার্ট নির্মাণের কাজটি পান রাজবাড়ীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খোন্দকার এন্টারপ্রাইজ। কাজটি করেন স্থানীয় ইউনুছ হোসেন ও আবদুল মতিন। চলতি বছরের ৩০ জুন ২০১৫ কালভার্ট স্থাপন সম্পন্ন হয়। গত ২২ জুন ওই এলাকায় গেলে স্থানীয় লোকজন জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে সপ্তাহ খানেক আগে কালভার্টটি ধসে পড়ে। এতে কালভার্টের ওপরে থাকা সড়কটিও ধসে পড়ে। এ কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া বরাট বাজারের সঙ্গে চৌধুরী আবদুল হামিদ একাডেমি, চর বরাট শিশু বিদ্যালয়, একটি সরকারি ক্লাবেরসহ ওই অঞ্চলের মানুষ অন্য পথ ঘুরে চলাচল করছে।
চৌধুরী আবদুল হামিদ একাডেমির সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম অভিযোগ করেন, ঠিকাদারের লোকজন কোনো রকমে কালভার্টটি বসিয়ে চলে যায়। এ কারণে এটি এভাবে ধসে গেছে।
এলাকার বাসিন্দা সরোয়ার হোসেন বলেন, কালভার্ট ও সড়ক ধসে যাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সময় ভাঙা স্থানে পড়ে গিয়ে জামাকাপড় ও বই-খাতা নষ্ট করে ফেলে। কেউ কেউ আহতও হয়।
ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় কালভার্টসহ রাস্তা ধসে গেছে। পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বালু-মাটি ফেলে রাস্তাটি হেঁটে চলাচলের উপযোগী করা হয়েছে। তবে কালভার্টটি দ্রুত মেরামতের জন্য মৎস্য কর্মকর্তাসহ ঠিকাদারকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
সদ্য যোগদানকারী উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জি এম সুলতান বলেন, ‘বিষয়টি আগের মৎস্য কর্মকর্তা বলেছেন কিন্তু খোঁজ নেওয়ার সুযোগ হয়নি। তবে মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে তদারকি করা হচ্ছে বলে জানি।’
ঠিকাদারের প্রতিনিধি স্থানীয় ইউনুছ হোসেন বলেন, ‘আমি প্রথম দিকে থাকলেও কাজ করেছেন রাজবাড়ীর আবদুল মতিন নামের একজন। তিনিই দেখাশোনা করতেন। তাঁর সঙ্গে যোগাযোগ করে দেখেন।’ ইউনুসের দেওয়া মুঠোফোন নম্বরে চেষ্টা করেও না পাওয়ায় আবদুল মতিনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বলেন, ‘নিম্নমানের কাজের কারণেই সমস্যার সৃষ্টি হয়েছে। ঠিকাদারের প্রতিনিধি হিসেবে স্থানীয় ইউনুছ হোসেন কাজটি করেন। এ ব্যাপারে প্রকৌশলী ও আমি নিজেও ঠিকাদারকে চিঠি দিয়েছি। পানির কারণেই তাঁরা কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন। পানি কমলেই নতুনভাবে কাজটি করে দেবেন বলে ঠিকাদার আশ্বাস দিয়েছেন।’