কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের একটি কালভার্ট ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শনিবার সকালে জোয়ারের তোড়ে কালভার্টটি ধসে পড়ে। এ ছাড়া সেতুর দুপাশের সংযোগ সড়কও ভেঙে গেছে।
এলাকাবাসীর অভিযোগ, এক মাস আগে কালভার্টের সুরক্ষাদেয়াল ভেঙে গেলেও তাৎক্ষণিকভাবে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর জোয়ারের তোড়ে প্রায় চার কিলোমিটার দৈর্ঘ্যের মাতারবাড়ী-চালিয়াতলী সড়কের মাঝামাঝি স্থানে অবস্থিত কালভার্টটির সংযোগ সড়ক ও সুরক্ষাদেয়াল ধসে পড়ে। কিন্তু তাৎক্ষণিকভাবে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ধীরে ধীরে দুপাশের সংযোগ সড়ক ভেঙে যায়। গতকাল কালভার্টটি ধসে পড়ে।
গতকাল সরেজমিনে দেখা যায়, লোকজন গাড়ি পরিবর্তন করে ওই সড়ক দিয়ে চলাচল করছে।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মোশাররেফ হোসেন বলেন, কালভার্টের পাশে খুঁটি পুঁতে মাটি ফেলার অনেক চেষ্টা করেও কোনো কাজ হয়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, মাতারবাড়ী ও ধলঘাটার লোকজনের পাশাপাশি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পসংশ্লিষ্ট লোকজন এই সড়ক দিয়ে যাতায়াত করে। তিনি আরও বলেন, তহবিলের অভাবে তাৎক্ষণিকভাবে সুরক্ষাদেয়াল ও সংযোগ সড়ক সংস্কার করা সম্ভব হয়নি।
স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম সিদ্দিকী বলেন, শিগগিরই কালভার্ট সংস্কারের কাজ শুরু হবে।