কালভার্ট ধসে সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা-দুর্গাপুর সড়কের কলমাকান্দা উপজেলার নাজিরপুরের ভবানীপুর এলাকায় গতকাল শনিবার একটি বক্স কালভার্টের বেশ কিছু অংশ ধসে যায়। এতে দুর্গাপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয় লোকজন বলেন, বালুভর্তি একটি ট্রাক ওঠায় কালভার্টটি ধসে পড়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কটি চলাচলের অনুপযোগী। তাই প্রতিদিন কলমাকান্দা-দুর্গাপুর সড়ক দিয়ে বালু ও সাদা মাটিভর্তি ৫০০-৬০০ ট্রাক এবং কয়েক শ যাত্রীবাহী বাস, অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল করে। এ ছাড়া এ সড়ক দিয়ে সোমেশ্বরী নদী থেকে তোলা বালু নিয়ে কয়েক শ ট্রাক-লড়ি জেলাসহ পাশের ময়মনসিংহ ও ঢাকায় যায়।
নাজিরপুর এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী এ কে কে এম ফকরুল আলম বলেন, গতকাল সকাল আটটার দিকে বালুবোঝাই একটি ট্রাক এই কালভার্টটির ওপর উঠলে অর্ধেকের বেশি পাকা অংশ ধসে নিচে পড়ে যায়। এতে উভয় পাশে দুই শতাধিক লড়িসহ বিভিন্ন যান আটকা পড়ে আছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কলমাকান্দা কার্যালয় সূত্রে জানা গেছে, এ সড়ক দিয়ে বর্তমানে ৩০-৩২ টনের বেশি ওজনের বালু নিয়ে ট্রাক চলাচল করছে। স্থানীয় লোকজন বলেন, এভাবে বালুবোঝাই ট্রাক-লড়ি চলতে থাকলে অল্পদিনের মধ্যেই শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের চেয়েও এই সড়কের খারাপ দশা হবে।
এলজিইডির নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম ইসমত কিবরিয়া বলেন, ‘কালভার্ট ভেঙে যাওয়ার কথা শুনেছি। এটি দ্রুত সংস্কার করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।’
কলমাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. হায়দার আলী মিয়া প্রথম আলোকে বলেন, ‘এটি একটি পুরোনো কালভার্ট ছিল। অতিরিক্ত ওজনের বালুবোঝাই ট্রাকটি এর ওপর উঠলে ঢালাই ধসে রড বেরিয়ে যায়। এপি সংস্কার করতে বেশ সময় লাগবে। জেলা থেকে টিম রওনা দিয়েছে।’