নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নে একটি কালভার্ট ধসে পড়ায় বড়াইগ্রাম ও পাবনার চাটমোহর উপজেলার মধ্যে সরাসরি যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুই উপজেলার পাঁচ লাখ মানুষ ভোগান্তি পোহাচ্ছেন। চাটমোহর উপজেলার রোগীদের অতিরিক্ত ৫০ কিলোমিটার ঘুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে।
বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলীর কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বড়াইগ্রাম-চাটমোহর সড়কের জোনাইল ইউনিয়নের বোর্ণী এলাকায় একটি কালভার্ট আছে। এর দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ ১০ ফুট। এর ওপর দিয়ে প্রতিদিন দুই শ ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সংস্কারের অভাবে এর কিছু অংশ ্তু গত মঙ্গলবার কালভার্টটির মাঝ বরাবর ধসে নদীতে পড়ে যায়। এতে বড়াইগ্রাম ও চাটমোহর উপজেলার মধ্যে যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রোগী ও তাঁদের স্বজনেরা। আগে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুতর রোগীদের অ্যাম্বুলেন্সে এ সড়ক দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতো। কিন্তু এখন পাবনা শহর হয়ে অতিরিক্ত প্রায় ৫০ কিলোমিটার ঘুরে রাজশাহী যেতে হচ্ছে। জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল আলম বলেন, ‘কালভার্টটি পুনর্নির্মাণের বিষয়টি উপজেলা সমন্বয় কমিটি সভায় একাধিকবার তুলে ধরেছি।’
বড়াইগ্রাম উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, কালভার্টটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া সড়কটিও সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হবে। তাই একটু দেরি হচ্ছে।