কালভার্ট নির্মাণ প্রকল্পে শর্ত ভেঙে কার্যাদেশ!
নরসিংদীর শিবপুরে দরপত্রের শর্ত ভেঙে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালভার্ট নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় জানায়, দরপত্রের শর্ত উপেক্ষা করে মেসার্স ঝুমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের ‘গ্রামীণ রাস্তায় ছোট ছোট (১২ মি. দৈর্ঘ্য পর্যন্ত) সেতু-কালভার্ট নির্মাণ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়েছে।একাধিক ঠিকাদার ও ইউএনও কার্যালয় জানায়, দুটি কালভার্ট নির্মাণের জন্য ইউএনওর কার্যালয় থেকে গত বছরের ১৫ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। কালভার্ট দুটি হলো, উপজেলার দুলালপুর ইউনিয়নের বিল চিনাদী আলীনগর সংযোগ সড়কের লাল মিয়ার বাড়ির কাছে ২৩ ফুট দৈর্ঘ্যের ১৭ লাখ ২২ হাজার ৫০০ টাকার একটি এবং চক্রধা ইউনিয়নের নিনগাঁও-সিঅ্যান্ডবি সড়কের ভবনখালী খালের ওপর ৩৬ ফুট দৈর্ঘ্যের ২৫ লাখ টাকার আরেকটি কালভার্ট। প্রায় ৪০টি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র কেনে। দরপত্র কেনার শর্ত ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থার একক কার্যাদেশে কমপক্ষে ১৮ লাখ টাকার সেতু-কালভার্ট নির্মাণের অভিজ্ঞতা থাকতে হবে।ঠিকাদারেরা জানান, গত ২৪ ডিসেম্বর লটারির মাধ্যমে মেসার্স ঝুমা এন্টারপ্রাইজ কাজ দুটি পায়। কিন্তু অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, ঝুমা এন্টারপ্রাইজের ১৮ লাখ টাকার সেতু-কালভার্ট নির্মাণের অভিজ্ঞতা নেই। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর লিখিত অভিযোগের ভিত্তিতে কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। কিন্তু সম্প্রতি মেসার্স ঝুমা এন্টারপ্রাইজকে কালভার্ট নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে।ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রহমান ব্রাদার্সের মালিক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ার পরও কীভাবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পায়, সেটা আমাদের বোধগম্য নয়।’ এ ব্যাপারে বক্তব্য জানতে মেসার্স ঝুমা এন্টারপ্রাইজের মালিক অলিউর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। জেলা স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম মিয়া বলেন, ‘দরপত্রে মেসার্স ঝুমা এন্টারপ্রাইজের ১৮ লাখ ২৫ হাজার ৮৭৬ টাকার কাজের অভিজ্ঞতা দেখানো হয়েছিল। যা প্রকৃতপক্ষে ১২ লাখ টাকার মতো। আমি তা সংশোধন করে দিয়েছি। পরে কী হয়েছে তা আমি জানি না।’প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবদুস সাত্তার খান বলেন, অভিযোগকারী ঠিকাদারেরা অভিযোগ তুলে নিয়েছেন। পরে ঝুমা এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়।অভিযোগ তুলে নিলেই কী অনভিজ্ঞ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া যায়?—এই প্রশ্নের জবাবে আবদুস সাত্তার খান পরিষ্কার করে কিছু বলেননি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা বেগম বলেন, ‘এটা আসলে দরপত্র মূল্যায়ন কমিটির কাজ। আর আমাদের হাতে যে সময় আছে তাতে ওই প্রতিষ্ঠানকে কার্যাদেশ না দিলে হয়তো এই অর্থবছরে কাজটি হবে না। তাই সার্বিক বিবেচনায় এই প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হচ্ছে বলে আমি যত দূর জানি।’