কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-মহেশখালী সড়কে তিনটি বক্স কালভার্ট নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্মাণকাজে লবণাক্ত পানি ব্যবহার করায় কালভার্টগুলো দ্রুত ভেঙে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, মাতারবাড়ী-মহেশখালী সড়কের দুই কিলোমিটার কাঁচা সড়কে ইট বিছানোর এবং তিনটি বক্স কালভার্ট নির্মাণ করার জন্য ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয়। কুহেলীয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। দরপত্রের শর্তানুযায়ী, ২০০৯ সালের ১ মার্চ কাজ শুরু করে আগস্টে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ডিসেম্বর মাসে কাজ শুরু করেন। শুরু থেকেই ঠিকাদার নিম্নমানের কংক্রিট, বালু ও লবণাক্ত পানির মিশ্রণ দিয়ে কালভার্টের ঢালাইয়ের কাজ করছেন।মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে বক্স কালভার্ট নির্মাণ করার বিষয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় অনেকবার বলা হলেও কোনো কাজ হয়নি।ইউনিয়ন পরিষদ ( ইউপি ) চেয়ারম্যানের কাছ থেকে অভিযোগ পেয়ে ১৯ ফেব্রুয়ারি মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন ঘটনাস্থলে গিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে বক্স কালভার্ট নির্মাণ করার অভিযোগের সত্যতা পান।দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শহিদুল ইসলাম নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিডিউল অনুযায়ী নির্মাণকাজ করা হচ্ছে।’উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ জানান, বক্স কালভার্টগুলো ভেঙে ফেলার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।ইউএনও এ টি এম কাউসার হোসেন জানান, বক্স কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ কারণে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।