কালভার্ট বাদ রেখে সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে একটি কালভার্ট বাদ দিয়ে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সড়ক সংস্কার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে মেঘনার সঙ্গে যুক্ত কয়েকটি খাল-বিলের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হবে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন।
সড়ক উপবিভাগ সূত্র জানায়, ১৯৯৬ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ভৈরব-মেন্দিপুর সড়ক নির্মাণ করা হয়। সড়কটির দৈর্ঘ্য ১৪ দশমিক ২৮ কিলোমিটার, প্রস্থ ১২ ফুট। ২০১০ সালে সড়কটির কর্তৃপক্ষ হয় সড়ক ও জনপথ (সওজ)। বর্তমানে ওই দপ্তরের মাধ্যমে ‘ভৈরব-মেন্দিপুর সড়ক উন্নয়ন প্রকল্প’ নামে সংস্কারকাজ চলছে।
শুরুতে সড়ক সংস্কার ও নির্মাণের ব্যয় ধরা হয় প্রায় ১০০ কোটি টাকা। জায়গা অধিগ্রহণের ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের অসহযোগিতার কারণে প্রকল্পটি ছোট হয়ে শুধু সংস্কারে এসে ঠেকে। এ জন্য ব্যয় ধরা হয় ১১ কোটি ৬৮ লাখ টাকা। ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা। এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন পৌরশহরের চণ্ডীবের কামাল সরকারবাড়ি মহল্লায় নতুন করে ১৫০ মিটার সড়কের নির্মাণকাজ চলছে। সোজা ও প্রশস্ত করার প্রয়োজনে পৌরসভার সড়কটি বাদ দিয়ে এর পাশ ঘেঁষেই বিকল্প পথ সৃষ্টি করা হচ্ছে।
৯ জুন সরেজমিনে দেখা যায়, স্বাধীনতার পরপর নির্মিত পৌরসভার সড়কের ওই স্থানে কালভার্ট দিয়ে মেঘনার সঙ্গে চণ্ডীবের, দড়ি চণ্ডীবের শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামঘেঁষা খাল-বিলের সংযোগ সৃষ্টি করা হয়েছে। নির্মাণাধীন সড়কটির বালু ফেলার কাজ প্রায় শেষ।
স্থানীয় লোকজন জানান, ঠিকাদার ও সরকারি লোক পেলেই তাঁরা কালভার্টের বিষয়ে জিজ্ঞাসা করতেন। শুরুতে তাঁরা আশার বাণী শোনালেও এখন জানাচ্ছেন, প্রকল্পে কালভার্ট ধরা নেই। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোমেন মিয়া বলেন, ‘মেঘনার সঙ্গে যুক্ত কয়েকটি অঞ্চলের খাল-বিলের পানিপ্রবাহ ধরে রাখার মাধ্যম হিসেবে ওই কালভার্টটি ব্যবহার হয়ে আসছে। কালভার্টটি সচল না থাকলে সর্বনাশ হয়ে যাবে।’ তবে জনপ্রতিনিধি হিসেবে প্রকল্প-সংশ্লিষ্টদের কাছে বিষয়টির গুরুত্ব তুলে ধরে প্রতিকার চাইলেও ফল পাননি বলে মন্তব্য করেন তিনি।
পৌর মেয়র মো. শাহিন বলেন, ‘ভৈরবের খাল-বিল ভরাট ঠেকানো যাচ্ছে না। ভরাট হওয়ার কারণে অনেক সেতু ও কালভার্টের কার্যকারিতা অর্ধেক কমে গেছে। এ অবস্থায় সরকারি প্রকল্পের মাধ্যমেও যদি কালভার্ট উপেক্ষা করা হয়, তাহলে দুঃখ বলার জায়গা
থাকবে না।’
মো. শাহিন আরও বলেন, এ ঘটনায় প্রতিকার চেয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে ভৈরব সড়ক উপবিভাগের উপসহকারী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, মন্ত্রণালয় যেভাবে প্রকল্প অনুমোদন করেছে, তাঁরা ঠিক সেভাবেই বাস্তবায়ন করছেন। কালভার্ট ধরা না থাকলে তাঁদের কিছু করার নেই। প্রকল্পটি প্রণয়নের সময় কালভার্ট ধরা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই।
জানতে চাইলে সড়ক ও জনপথ কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজখবর নিয়ে দেখবেন।