কালভার্ট বানাতে চট্টগ্রামের একটি রাস্তা একমুখী
একটি কালভার্ট নির্মাণের জন্য নগরের চেরাগী পাহাড় মোড় থেকে ডিসি হিলের বৌদ্ধ মন্দির পর্যন্ত মোমিন রোড একমুখী করে দেওয়া হয়েছে। কালভার্টের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত ওই সড়ক দিয়ে বৌদ্ধ মন্দির প্রান্ত থেকে চেরাগী পাহাড় মোড়ের দিকে গাড়ি যেতে পারবে। এ কারণে বৌদ্ধ মন্দির ও চেরাগী পাহাড় মোড় প্রান্তের সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে।
সিটি করপোরেশনের প্রকৌশল দপ্তর সূত্র জানায়, ডিসি হিলের বৌদ্ধ মন্দির প্রান্তে একটি কালভার্টের অর্ধেক নির্মাণকাজ শেষ হয়। তখন উভয় দিকের গাড়ি চলাচলে বাধা ছিল না। এখন বাকি অর্ধেক নির্মাণের প্রস্তুতি চলছে। তাই বৌদ্ধ মন্দিরগামী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে ডিসি হিলের পানি এই কালভার্ট দিয়ে প্রবাহিত হয়। মাঝারি বা ভারী বর্ষণের সময় কালভার্ট উপচে রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। ফলে ওই সময় গাড়ি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। তাই পুরোনো কালভার্ট থেকে সেটি উঁচু করা হচ্ছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুল-উল হাসান প্রথম আলোকে জানান, ডিসি হিলের বৌদ্ধ মন্দির প্রান্তে কালভার্ট নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণকাজের কারণে সড়কটি কেবল একমুখী গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। একটি উন্নয়নকাজ করতে হলে সাময়িক সমস্যা হতেই পারে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, দেড় মাসের মধ্যে কালভার্ট নির্মাণের কাজ শেষ হবে।’
গত রোববার সরেজমিনে দেখা গেছে, চেরাগী পাহাড় মোড়ে ডিভাইডার দিয়ে বৌদ্ধ মন্দিরগামী সড়ক বন্ধ করে দেওয়া হয়। কেবল বৌদ্ধ মন্দির প্রান্ত থেকে গাড়ি চেরাগী পাহাড়ের দিকে আসছিল। এ কারণে চেরাগী পাহাড় মোড়, মোমিন রোড, জামালখান এবং ডিসি হিলের বৌদ্ধ মন্দির প্রান্তে লাভলেইন, এনায়েতবাজার সড়ক ও নন্দনকাননসহ বিস্তীর্ণ এলাকায় যানজট দেখা দেয়।
চেরাগী পাহাড় মোড়ে রোববার দুপুরে কথা হয় হুমায়ুন আহমেদ নামের এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি জুবিলি রোড এলাকায় যাওয়ার জন্য গাড়ি খুঁজছি। কিন্তু বৌদ্ধ মন্দির প্রান্তের পরিবর্তে কাজীর দেউড়ি হয়ে এক-দেড় কিলোমিটার বেশি পথ ঘুরে যেতে হচ্ছে। কালভার্ট নির্মাণের জন্য পুলিশ ব্যস্ততম এই সড়কটি একমুখী করে দিয়েছে।’
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু ছালেহ প্রথম আলোকে বলেন, ‘ডিসি হিলের বৌদ্ধ মন্দিরের সামনের কালভার্টটি উঁচু করা হচ্ছে। ইতিমধ্যে কালভার্টের অর্ধেক নির্মাণকাজ শেষ হয়েছে। বাকি অর্ধেক নির্মাণের জন্য সড়কটি একমুখী করতে আমরা ট্রাফিক বিভাগকে অনুরোধ করি।’
প্রকৌশলী আবু ছালেহ আরও জানান, এক সপ্তাহের মধ্যে ঢালাইয়ের কাজ শেষ হবে। এরপর কিউরিংয়ের জন্য আরও চার সপ্তাহ প্রয়োজন। সব মিলিয়ে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর কালভার্ট উন্মুক্ত করে দেওয়া হবে।