কালভার্ট ভেঙে গর্ত, সাত দিনে চারজন আহত
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের হাজীপুর-বালাবাড়ী রাস্তার একটি কালভার্ট ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। গত সাত দিনে ওই গর্তে পড়ে চারজন আহত হয়েছে।এলাকার লোকজন জানান, হাজীপুর-বালাবাড়ী রাস্তাটি দুই কিলোমিটার দীর্ঘ। হাজীপুর, বালাবাড়ী, বাছুরবান্ধা ও হিন্দুপাড়ার সঙ্গে তারাগঞ্জ সদরের সংযোগ রাস্তা এটি। এ রাস্তা দিয়ে চার গ্রামের মানুষ চলাচল করে। ৩০ বছর আগে নির্মিত ওই কালভার্টটি গত ২৩ সেপ্টেম্বর ভেঙে যায়। এর ফলে মাঝখানে গর্তের সৃষ্টি হয়। বিকল্প পথ না থাকায় ওই চার গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে ওই ভাঙা কালভার্টের ওপর দিয়ে চলাচল করছে।বাছুরবান্ধা গ্রামের যুবক আমজাদ হোসেন জানান, কালভার্টটি এখন তাঁদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। হিন্দুপাড়া গ্রামের কৃষক প্রদীপ কুমার বলেন, ‘কালভার্ট কোনায় কায়ও ঠিক না করে। একনা ঠিক না করায় প্রত্যেক দিন রাইতোত (রাতে) এটে কোনা পড়ি মানুষের হাত, পা-ও ভাঙেছে।’বালাবাড়ী গ্রামের মকবুল হোসেন জানান, তিনি ৫ অক্টোবর নিজ বাড়ি থেকে রাতে হাজীপুর গ্রামে খালার বাড়ি যাওয়ার পথে কালভার্টের গর্তে তাঁর মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তাঁর ভাই মোকছেদ হোসেন ও তিনি আহত হন।ইকরচালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন প্রামাণিক বলেন, এটি সংস্কার করার মতো অর্থ ইউনিয়ন পরিষদে নেই। উপজেলা প্রকৌশলী সফিউর রহমান মুঠোফোনে জানান, খোঁজ নিয়ে এ সমস্যা সমাধানের চেষ্টা করবেন তিনি।