কালভার্ট ভেঙে পড়ে আছে তিন মাস ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পিচ উঠে গেছে দুই বছর আগে। কোথাও কোনো খোয়া নেই। কালভার্ট ভেঙে পড়েছে তিন মাস আগে। একটু বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। এটি শহরতলির কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর ছায়াবিতান সড়কের চিত্র। এ সড়ক দিয়েই প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত ও যানবাহন চলাচল করে। এলাকাবাসী দ্রুত ওই সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-চট্টগ্রাম রেললাইনের লাগোয়া কুমিল্লার অশোকতলা এলাকা থেকে দৌলতপুর মোড় পর্যন্ত আধা কিলোমিটার এলাকায় পাঁচ শতাধিক খানাখন্দ রয়েছে। ওই এলাকার সড়কের মধ্যে কোনো পিচ নেই। সড়কের সব খোয়া উঠে গেছে। ছায়াবিতান এলাকায় প্রবেশমুখে রয়েছে একটি কালভার্ট। ওই কালভার্ট তিন মাস আগে ভেঙে পড়েছে। আর একটু ভেঙে পড়লে সড়ক দিয়ে হাঁটাই দায় হয়ে পড়বে। গুরুত্বপূর্ণ ওই কালভার্টের নিচ দিয়েই কুমিল্লা নগরের পানি নিষ্কাশিত হয়।
এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার ও ভেঙে যাওয়া কালভার্ট মেরামত করা হচ্ছে না। এলাকাবাসীকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে সড়ক সংস্কার না করা হলে ভোগান্তি আরও বাড়বে। দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
জানতে চাইলে আদর্শ সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার বলেন, সড়ক ও কালভার্ট মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সিটি করপোরেশন প্রকল্প গ্রহণ করেছে। এলাকাটি উপজেলার হলেও ওই সড়কের জন্য প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন।