কালভার্ট ভেঙে ভারী যান চলাচল বন্ধ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া এলাকায় এক মাস আগে ভেঙে যাওয়া কালভার্ট মেরামত না করায় তিলকপুর-বেড়াগ্রাম সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ আছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, তিলকপুর-বেড়াগ্রাম সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। সড়কের রায়কালী ইউনিয়নের রায়কালী খাঁ পাড়া এলাকার ওই কালভার্টে অনেক আগে ফাটল ধরে। কিন্তু সেটা মেরামত করা হয়নি। এক মাস আগে একটি ট্রাক যাওয়ার সময় কালভার্টটির দুই পাশ ভেঙে যায়। তখন থেকে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রিকশা-ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পারাপার হচ্ছে। আর ভারী যানবাহনগুলো ১০ কিলোমিটার পথ ঘুরে রায়কালীতে যাচ্ছে।
রায়কালী ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, কালভার্টটির দুই পাশ মাটি দিয়ে যানবাহন চলাচলের জন্য কিছুটা উপযোগী করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, মন্ত্রণালয় রায়কালী-বেড়াগ্রাম সড়কের কালভার্টটি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করেছে।