
উত্তরার দক্ষিণখান ইউনিয়নের শহীদ লতিফ সড়কের কসাইবাড়ি অংশে কসাইবাড়ি কালভার্ট ভেঙে যাওয়ায় পুরো ইউনিয়নের যোগাযোগব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনার প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও কালভার্টটির সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন ধরেই কসাইবাড়ি কালভার্টটি নড়বড়ে অবস্থায় ছিল। রডবোঝাই একটি ট্রাক ১৫ দিন আগে কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় এটি ভেঙে যায়। এরপর থেকেই ইউনিয়নের প্রধান এই সড়কটির দুই অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটিই চেয়ারম্যান বাড়ি, ইউনিয়ন পরিষদ, দক্ষিণখান থানা, কাজিবাড়ি, কাচপুরা, চালনা, দক্ষিণখান, গাওয়াইর, প্রেমবাগানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান ও জায়গায় যাওয়ার মূল সড়ক। কালভার্টটি ভাঙায় পুরো ইউনিয়নের যোগাযোগব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে।
গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে চোখে পড়ে, বর্তমানে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। অধিকাংশ লোকজন হেঁটেই যাতায়াত করছে। কেউ কেউ অতিরিক্ত পথ ঘুরে বিকল্প উপায়ে এলাকায় ঢুকছে। স্থানীয় লোকজনের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্রুত কালভার্ট পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিলেও কাজের তেমন কোনো অগ্রগতি নেই।
সড়কের কসাইবাড়ি অংশটি মূলত পুরো ইউনিয়নের ব্যবসায়িক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত। মূল সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় ব্যবসা-বাণিজ্যেও মন্দা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, দুই সপ্তাহ ধরে এলাকায় কোনো মালবাহী গাড়ি ঢুকছে না। মালামাল আনা-নেওয়ায় সমস্যা হচ্ছে। এই ইউনিয়নে আছে ছোট-বড় বেশ কয়েকটি শিল্প- কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান। যান চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষেরা সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী আবুল কালাম বলেন, প্রচণ্ড দুর্ভোগ, মানুষ অবর্ণনীয় কষ্ট পাচ্ছে।
কসাইবাড়ি কালভার্টের দক্ষিণ পাশে আছে হাজি সিকান্দার মার্কেট কাঁচাবাজার, হাজি আবদুল জব্বার মার্কেট, আমেরিকান প্লাজা ও ভূঁইয়া কমপ্লেক্স। পূর্ব পাশে আছে মজিদ ভবন, কানাডা মার্কেট, কিবরিয়া মার্কেটসহ আরও কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কালভার্টের সংস্কারকাজ শেষ হলে ব্যবসায়িক কর্মকাণ্ড গতিশীল হবে।
কসাইবাড়ি গিয়ে জানা যায়, যোগাযোগব্যবস্থা নিয়ে মহল্লাবাসীর উদ্বেগ বাড়ছে। স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। চোখে পড়ে, কালভার্টের উত্তর ও দক্ষিণ পাশে যে সরু অংশটি টিকে আছে, তার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। তারপরও মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কালভার্ট ভেঙে গেছে ১০-১২ দিন। দুশ্চিন্তার কিছু নেই, কাল (শনিবার) ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে। নিজেই কাজটির তদারকি করছি। মানুষ কষ্ট পাচ্ছে দেখে আমারই খারাপ লাগছে। কষ্ট করে ১৫টি দিন সবাইকে ধৈর্য ধরতে হবে। ঢালাই শেষে পুনর্নির্মাণ সম্পন্ন করতে সময় তো একটু লাগবেই।’