কালভার্ট ভেঙে সেতু নির্মাণ করা হবে
ঢাকায় অনুমোদন করা নকশা ও প্রকৌশল বিভাগের ত্রুটির কারণে বরিশালের ঐতিহ্যবাহী জেল খালের ওপর কাঠের পুল ভেঙে কালভার্ট করা হয়েছে। কাজ শুরুর সময় বিষয়টি জানালে ওই নকশা বাতিল করে নতুনভাবে সেতুটি নির্মাণ করা সহজ হতো। তার পরও জনগণের চাহিদা ও খালের প্রবাহ ঠিক রাখার জন্য কালভার্ট ভেঙে পুনরায় সেতু নির্মাণ করা হবে।গতকাল শুক্রবার সকাল ১০টায় বরিশাল নগরের প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলা জেল খালের কাঠের পুল এলাকা পরিদর্শন শেষে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন এই ঘোষণা দেন।জেল খালের নাজির মহল্লা অংশে ৩৫ ফুট দীর্ঘ সেতু ভেঙে মাত্র ১৮ ফুট প্রশস্ত কালভার্ট নির্মাণ করা হয়। গত ২ আগস্ট প্রথম আলোয় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রতিবাদী হয়ে ওঠে নগরবাসী। তারা কালভার্ট ভেঙে সেতু নির্মাণের দাবি জানায়। বিষয়টি মেয়রকে অবহিত করা হয়। প্রায় তিন মাস পর তিনি গতকাল ওই এলাকা পরিদর্শন শেষে বিষয়টি যথাযথ হয়নি বলে মন্তব্য করেন। একইসঙ্গে তিনি নগরবাসীর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।