কালভার্ট ভেঙেছে ১০ বছর দুর্ভোগে ছয় গ্রামের মানুষ

১০ বছর আগে পাহাড়ি ঢলে মৌলভীবাজারের জুড়ী উপজেলার উত্তর ভবানীপুর-মোকামটিলা সড়কের শরণরায় খালের কালভার্টটি ভেঙে পড়ে। এরপর থেকে এলাকাবাসী সেখানে সেতু নির্মাণের দাবি জানালেও তা আর বাস্তবায়ন হয়নি। এতে দুর্ভোগ পোহাচ্ছে এ অঞ্চলের ছয়টি গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ।
এলাকাবাসী জানান, শরণরায় খালটি জুড়ী নদীর সঙ্গে যুক্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯৫ সালে খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করে। ২০০৬ সালে নদীর উজান থেকে আসা পাহাড়ি ঢলে এটি ভেঙে যায়। তখন চলাচলের জন্য এলাকাবাসী সেখানে বাঁশের সাঁকো নির্মাণ করেন। ওই সাঁকো দিয়ে পশ্চিম জুড়ীর উত্তর ভবানীপুর, মোকামটিলা ও ইটখলা, পূর্ব জুড়ীর বনগাঁও ও জুড়ীরপাড় এবং সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের অন্তত পাঁচ হাজার মানুষ চলাচল করছে। কালভার্ট ভেঙে যাওয়ার পর সেখানে সেতু নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদের কাছে বিভিন্ন সময়ে লিখিত আবেদন জানানো হয়েছে। তবুও এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খালের ওপর প্রায় ৬০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো। জুড়ী নদী থেকে আসা প্রবল স্রোতে খালের উৎসমুখের দুই পাশের মাটি ধসে পড়েছে। ঝুঁকি নিয়ে শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ সাঁকো পার হচ্ছে।
মোকামটিলা গ্রামের বাসিন্দা অজয় ভূষণ দাস বলেন, সাঁকো পার হতে গিয়ে স্কুলগামী খুদে শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। এ ছাড়া অসুস্থ লোকজনকে হাসপাতালে নেওয়ার সময় সাঁকো পার হতে বেশি সমস্যা হয়। জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী বলেন, এলাকাবাসী শরণরায় খালে সেতু নির্মাণের দাবি জানিয়েছে। সাংসদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী ইসতিয়াক হাসান বলেন, ‘সেখানে একটি সেতু দরকার। চলতি অর্থবছরে সেতু নির্মাণে বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।’