কালভার্ট মেরামত হচ্ছে না দুর্ভোগে হাজারো মানুষ
কক্সবাজারের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়সংলগ্ন সৈকত সড়কে একটি কালভার্ট মেরামতের অভাবে দেশি-বিদেশি পর্যটকসহ কয়েক হাজার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। কালভার্টটিতে তিন বছর আগে একটি গর্ত সৃষ্টি হয়। চলতি বছরের প্রথম দিকে দ্বিতীয় গর্তটি সৃষ্টি হলে ভারী যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন এ সড়ক দিয়ে সদর ও বাহারছড়া ইউনিয়নের লোকজন, পর্যটকসহ কয়েক হাজার মানুষ চলাচল করে। এটি মেরামত না হওয়ায় নিদারুণ কষ্ট ভোগ করতে হচ্ছে তাদের। এর ওপর দিয়ে রিকশা ও অটোরিকশা চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বর্তমানে কালভার্টটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সৈকত এলাকায় আটটি হ্যাচারি জোনে চিংড়িপোনা উৎপাদন বন্ধ করে রেখেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে মাইক্রোবাস, প্রাইভেট কারসহ ভারী যানে করে আসা পর্যটকদের চার কিলোমিটার দূরে গাড়ি রেখে হেঁটে সৈকতে যেতে হচ্ছে।সিলেট থেকে বেড়াতে আসা শামীমা রহমান বলেন, ভাঙা ওই কালভার্টটির জন্য তাঁকে চার কিলোমিটার পথ হেঁটে সৈকতে আসতে হয়েছে। সৈকত দেখে কষ্ট দূর হলেও এ রকম দারুণ একটি পর্যটন এলাকার সড়কটির ওপর বিষফোঁড়ার মতো পড়ে থাকা কালভার্টটির কারণে তিনি খুবই হতাশ।পৌরসভার ডেইলপাড়ার বাসিন্দা নুরুল হুদা জানান, কালভার্টটির গর্তে পড়ে রিকশা উল্টে প্রায়ই হতাহতের ঘটনা ঘটছে।টেকনাফ হ্যাচারি জোনের মেসার্স আল-মনছুরের ব্যবস্থাপক আজম রবু জানান, কিছুদিন আগে কালভার্টটিতে হ্যাচারি জোনের পক্ষ থেকে লোহারপাত বসানো হয়েছিল। কিন্তু কয়েক দিনের মধ্যে তা চুরি হয়ে যায়। জরাজীর্ণ ওই কালভার্টটির জন্য আটটি হ্যাচারিতে চিংড়িপোনা উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এতে তাঁদের কয়েক কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাছান আহমদ বলেন, এ সড়কটি দেখাশোনা করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ। তাই পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিন উল্লাহ জানান, বরাদ্দ না থাকায় এটি মেরামত করা সম্ভব হয়নি। তবে কালভার্টটি পুনর্নির্মাণের জন্য একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।