কালভার্টের অভাবে দুর্ভোগে পাঁচ সহস্রাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সদর উপজেলার কুশিঘাট নয়াবস্তি গ্রামের পাশের ‘কুইগাঙ’ খালে কোনো কালভার্ট না থাকায় দুর্ভোগে রয়েছে চার গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষ। কালভার্ট না থাকায় মানুষকে নৌকা করে খাল পাড়ি দিয়ে স্কুল-মাদ্রাসা থেকে শুরু করে হাটবাজারে যেতে হয়। তবে বৃষ্টি হলে নৌকা বন্ধ থাকায় মানুষকে খাল পাড়ি দিতে ভোগান্তিতে পড়তে হয়।স্থানীয় লোকজন জানান, সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের কুশিঘাট নয়াবস্তি গ্রামের পাশ দিয়ে সুরমা নদীর শাখা হয়ে কুইগাঙ নামের একটি দীর্ঘ খাল রয়েছে। ওই খালে কোনো কালভার্ট না থাকায় উপজেলার নয়াবস্তি, মীরের চক, মুরাদপুর, কুইটুক গ্রামের পাঁচ হাজারের বেশি মানুষকে নৌকায় করে ওই খাল পাড়ি দিতে হয়।নয়াবস্তি গ্রামের বিলাল উদ্দিন (৫০) বলেন, ‘প্রতিবছর নির্বাচনের আগে চেয়ারম্যান-মেম্বাররা কুশিগাঙে একটি কালভার্ট নির্মাণের ঘোষণা দিয়ে ভোট আদায় করেন। অথচ নির্বাচনের পর সবাই উধাও। কাউকেই আর খোঁজে পাওয়া যায় না। অথচ একটি কালভার্ট নির্মাণের জন্য আমরা জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার গিয়েছি।’কুশিঘাট বোরহানবাগ এলাকার তরুণ সমাজকর্মী ইমতিয়াজুর রহমান বলেন, হাজি শফিক হাইস্কুল, বোরহানউদ্দিন গরম দেওয়ান প্রাথমিক বিদ্যালয়, বোরহানউদ্দিন মাদ্রাসাসহ কয়েকটি কলেজের ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে প্রতিদিন নৌকায় করে পাড়ি দিতে হয়। সামান্য বৃষ্টি হলেই নৌকা বন্ধ থাকে। এ অবস্থায় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারেন না। একটি কালভার্ট তৈরি হলে এ সমস্যা দূর হতো।হাজি শফিক হাইস্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী জামিল আহমদ বলেন, ‘নৌকায় উঠলেই ভয় লাগে। নৌকায় মানুষ বেশি উঠলে মনে হয়, এই বুঝি ডুবে যাচ্ছি।’ একই বিদ্যালয় থেকে এ বছর জিপিএ-৪.৫ পেয়েছে রিমা বেগম। সে এখন সিলেটের কারিগরি প্রশিক্ষণ কলেজে পড়ছে। তাকেও নৌকায় পাড়ি দিয়ে কলেজে যেতে হয়। সে জানায়, নৌকার কারণে অনেক সময় নষ্ট হয়। তাই নির্ধারিত সময়ের অনেক আগেই বাড়ি থেকে বের হতে হয়।খাদিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল মিয়া বলেন, ‘কুইগাঙ খালে একটি কালভার্ট নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এখানে কালভার্ট নির্মাণের একটি পরিকল্পনা আমাদের রয়েছে।’ সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাবীব প্রথম আলোকে বলেন, জনগুরুত্বপূর্ণ এই কালভার্টটি নির্মাণে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।