কালভার্টের অভাবে মহাসড়ক অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর-জামালপুর মহাসড়কের দুটি স্থানে কালভার্ট না থাকায় বর্ষাকালে প্লাবিত হয়ে দুই থেকে তিন মাস ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। তখন শেরপুর ও জামালপুরের অর্ধলাখ মানুষ চরম দুর্ভোগে পড়ে। গত এক যুগে সড়কের ওই দুই স্থানে গোসল করতে নেমে বন্যার পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ), জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্র জানায়, শেরপুর থেকে জামালপুরের সড়কপথে দূরত্ব ১৬ কিলোমিটার। তবে বর্ষাকালে এ দূরত্ব বেড়ে দাঁড়ায় ৭০ কিলোমিটার। শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান ও শিমুলতলীতে কজওয়ের (পানি নির্গমনের জন্য ঢালু করে তৈরি সড়ক) ওপর সংযুক্ত কালভার্ট না থাকায় বর্ষায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ময়মনসিংহ হয়ে শেরপুর থেকে জামালপুরে যেতে হয়।
সওজ বিভাগ সূত্র জানায়, ১৯৬০-এর দশকের শুরুর দিকে শেরপুর-জামালপুর সড়ক নির্মিত হয়। সে সময় পোড়ার দোকান ও শিমুলতলীতে বন্যা ও ঢলের পানি সহজে নিষ্কাশনের জন্য দুটি কজওয়ে নির্মাণ করা হয়। তখন ওই স্থান দুটিতে দুটি কাঠের সেতু ছিল। ১৯৭০-এর দশকের শেষ দিকে সেতু দুটি ভেঙে যায়। ১৯৯১-৯৩ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় শেরপুর-জামালপুর মহাসড়ক নির্মাণের সময় পোড়ার দোকান ও শিমুলতলীতে দেড় কোটি টাকা ব্যয়ে কংক্রিট দিয়ে নতুন করে দুটি কজওয়ে নির্মাণ করা হয়। কজওয়ে দুটি মূল সড়ক থেকে ছয়-সাত ফুট নিচে। এগুলোর দৈর্ঘ্য পোড়ার দোকানে ৫০০ মিটার ও শিমুলতলীতে ৪০০ মিটার। ভরা বর্ষা বা বন্যার সময় কজওয়ে দুটি তিন-চার ফুট পানির নিচে ডুবে যায়। পানির প্রবল স্রোতে কংক্রিট দিয়ে নির্মিত কজওয়ে দুটিরও ক্ষতি হয়।
জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ আতিউর রহমান বলেন, বন্যার সময় শেরপুর-জামালপুর মহাসড়কে এলাকাবাসীর নিরাপদ চলাচলের স্বার্থে কজওয়ে দুটিতে কালভার্ট নির্মাণ করা যায় কি না, সে বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
সওজ সূত্র জানায়, গত আগস্টে বন্যার সময় প্রায় দুই সপ্তাহ এ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে জামালপুর ও টাঙ্গাইল হয়ে ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে শেরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় শেরপুর থেকে ৭০ কিলোমিটার ঘুরে ময়মনসিংহ হয়ে জামালপুর, টাঙ্গাইল ও উত্তরবঙ্গে যাতায়াত চলে। এর আগে ১৯৮৮ ও ১৯৯৮ সালের বন্যার সময় ওই মহাসড়কে যথাক্রমে দুই ও তিন মাস, ১৯৯৩ সালে এক মাস, ২০০৪ ও ২০০৭ সালে দেড় মাস এবং ২০০৮ ও ২০১৪ সালে দুই সপ্তাহ যান চলাচল বন্ধ ছিল।
সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন বলেন, বর্ষার সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে অনেকে ঝুঁকি নিয়ে ট্রলার ও নৌকায় ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে শেরপুর থেকে জামালপুরে যাতায়াত করে। কজওয়ের ওপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত পানিতে ডুবে গত এক যুগে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাই এ দুটি কজওয়েতে সংযুক্ত কালভার্ট নির্মাণ করে দেওয়া হলে যাত্রীরা বর্ষাকালে এ মহাসড়কে নিরাপদে চলাচল করতে পারবে। শুষ্ক মৌসুমে এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, ট্রাকসহ পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে।
শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি ব্রহ্মপুত্র নদের ওপর সেতু চালু হওয়ায় আগের তুলনায় এ সড়কের গুরুত্ব অনেক বেড়ে গেছে। এখন শেরপুর, জামালপুর ও কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে অনেক যানবাহন ব্রহ্মপুত্র সেতু পাড়ি দিয়ে জামালপুর ও টাঙ্গাইল হয়ে ঢাকা ও উত্তরবঙ্গে যাতায়াত করছে। তা ছাড়া এ মহাসড়কের সঙ্গে শেরপুরের নাকুগাঁও ও জামালপুরের কামালপুর স্থলবন্দরের সরাসরি যোগাযোগও রয়েছে। তাই কজওয়ে দুটিতে কালভার্ট নির্মাণ করে দেওয়া হলে বর্ষাকালসহ সারা বছরই এ সড়কে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করতে পারবে।
সওজের শেরপুর বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, কজওয়ে দুটিতে বর্তমানে কালভার্ট নির্মাণের পরিকল্পনা নেই। তবে বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।