কালভার্টের জন্য শ্রীপুর-বরমী রুটে ১৭ দিন যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বরমী সড়কে একটি কালভার্টের জন্য ১৭ দিন ধরে সব যান চলাচল বন্ধ রয়েছে। ৬ আগস্ট ওই সড়কের কাজীরপুল এলাকার কালভার্টটি ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ থাকে। এর আগে আরও নয় দিন বন্ধ ছিল ওই সড়কের যান চলাচল। পরিবহন মালিকেরা পাকা একটি পাইপ স্থাপনের পর পাঁচ দিনের জন্য সড়কটি সচল হয়। কিন্তু ৯ আগস্ট প্রবল বর্ষণে ওই পাইপটিও ভেঙে যায়। এরপর থেকে আর তা সচল হয়নি।এই সড়কে চলাচলকারী প্রভাতী বনশ্রী পরিবহনের পরিচালক কফিল উদ্দিন মণ্ডল বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বালুভর্তি ট্রাক চলাচলের কারণে এই সড়কের কালভার্টগুলো ভেঙে পড়ছে। একই সঙ্গে সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, গত ২১ জুলাই কাজীরপুল এলাকার কালভার্টটি সর্বপ্রথম ভেঙে পড়ে। পরে বাসমালিক সমিতির লোকজন তাঁদের ব্যক্তিগত উদ্যোগে ভাঙা স্থানে একটি পাকা পাইপ লাগিয়ে সড়কটি সচল করেন। কিন্তু অতিরিক্ত বালুভর্তি ট্রাক চলাচল বন্ধ হয়নি। পাঁচ দিন পরই ৬ আগস্ট ভারী বর্ষণে আবার পাইপটিও ভেঙে যায়। তারপর থেকে যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কাপাসিয়ার সোহাগপুর গ্রামের আহসান হাবিব ও শ্রীপুর কারিগরি কলেজের উপাচার্য গফরগাঁও উপজেলার বারৈহাটী গ্রামের জালাল উদ্দিন বলেন, কালভার্টটি ভেঙে পড়ায় শ্রীপুর-বরমী সড়কের সাত কিলোমিটারে ২২ আগস্ট সোমবার পর্যন্ত টানা ১৭ দিন সব রকম যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে শ্রীপুরের পার্শ্ববর্তী কাপাসিয়া ও গফরগাঁও উপজেলার বেশির ভাগ এলাকার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।বরমী বাজারের ব্যবসায়ী সফিকুল ইসলাম বলেন, গাজীপুর জেলার বৃহত্তম বাণিজ্যকেন্দ্র বরমী। এই বাজারে অন্য ব্যবসার পাশাপাশি শুধু অর্ধশতাধিক চালকল রয়েছে। যান চলাচল বন্ধ থাকায় এই বাজারে মানুষজন যাতায়াত করতে না পারায় বেচাকেনা কমে গেছে। এই বাজারের ব্যবসায়ীরা ঈদ সামনে রেখে অতিরিক্ত ভাড়া দিয়ে ভিন্ন পথে মালামাল আনা-নেওয়া করছেন।শ্রীপুর-বরমী সড়কের অটোরিকশাচালকেরা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ার পর তিন দিন পর্যন্ত কালভার্টের ওপর কাঠের সাঁকো দিয়ে পারাপার হয়েছেন। কিন্তু স্থানীয় একটি মহল প্রতি যাত্রায় ১০ টাকা করে চাঁদা নেওয়ায় চলাচল বন্ধ করে দিয়েছেন। এখন কাঠের সাঁকোটিও নেই।শ্রীপুর উপজেলা প্রকৌশলী আবদুল বারেক হাওলাদার কালভার্ট ভেঙে জনদুর্ভোগের কথা স্বীকার করে বলেন, মেরামতের জন্য কোনো বরাদ্দ নেই। তবে ঈদের আগে সড়কটি চলাচলের জন্য স্বাভাবিক করার সব কার্যক্রম প্রক্রিয়াধীন।