কালভার্টের দুই পাশে মাটি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে মাটি না থাকায় নাটোরের গুরুদাসপুরে একটি কালভার্টের ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারছে না। এতে দুই ইউনিয়নের ৩০ হাজার মানুষকে চার কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে।কালভার্টটির ওপর দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় একই সঙ্গে স্থানীয় রানীগ্রাম-ধামাইচ সড়ক ব্যবহার করা যাচ্ছে না।গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম-ধামাইচ সড়কের ভোলার বাড়ির কাছে একটি খালের ওপর ২০১০ সালে কালভার্টটি নির্মাণ করা হয়। মাটি না থাকায় কালভার্টের দুই পাশের বাসিন্দাদের সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গুরুদাসপুর কার্যালয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুর উপজেলার মশিন্দা এবং তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সঙ্গে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সরাসরি যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এর দৈর্ঘ্য চার মিটার এবং প্রস্থ তিন মিটার। এই কাজের জন্য ছয় লাখ ৯২ হাজার ৩৬ টাকা বরাদ্দ করা হয়।মেসার্স আনোয়ার ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ২০১০ সালের ৫ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কাজ শেষ হয় চলতি বছরের ৩ ডিসেম্বর। কার্যাদেশে এটির দুই পাশ মাটি দিয়ে ভরাট করার কথা ছিল।স্থানীয় খোদাবক্স জানান, বিকল্প সড়ক না থাকায় গেল বর্ষার সময় মানুষ কলার ভেলায় করে পারাপার হয়েছে। এখন পানি শুকিয়ে গেলেও কালভার্ট থেকে সড়ক অনেক নিচুতে হওয়ায় কোনো ধরনের যানবাহনই চলাচল করতে পারছে না।ধামাইচ গ্রামের বাসিন্দা আফজাল হোসেন জানান, কালভার্টের দুই পাশে মাটির কাজ শেষ হলে তাঁদের তিন কিলোমিটার পথ ও সময় বাঁচবে। এখন ধামাইচ থেকে মশিন্দার জাকিরের মোড় হয়ে মহাসড়কে আসতে হয়।ঠিকাদার ফারুক বলেন, মাটি ফেলা হয়েছিল। কিন্তু বৃষ্টিতে তা ধুয়ে গেছে। এলজিইডির গুরুদাসপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল আওয়াল বলেন, কাজ ভালোই হয়েছে। তবে সেখানে মাটি কেন ফেলা হয়নি, তা তিনি জানেন না। ঠিকাদার মাটির কাজ না করলে তাঁর জামানতের টাকা ফেরত দেওয়া হবে না।