কালভার্টের নিচ থেকে লাশ উদ্ধার
চট্টগ্রামের চন্দনাইশের ঝাউবাগান সড়কের একটি কালভার্টের নিচ থেকে মোহাম্মদ নাছির উদ্দিন (৫৭) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে। নাছির উদ্দিনকে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।
নিহত নাছির উদ্দিনের বাড়ি চন্দনাইশ পৌর এলাকার হাজিরপাড়া গ্রামে। তাঁর পরিবার চট্টগ্রাম শহরে থাকলে তিনি বেশির ভাগ সময় এলাকায় থাকতেন।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ধারণা করা হচ্ছে নাছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, চট্টগ্রাম শহর থেকে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে তিনি চন্দনাইশে আসেন। কিন্তু বাড়ি না গিয়ে অটোরিকশায় করে পৌর এলাকার মুন্সেফ বাজারে যান। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেলে এক ব্যক্তি ঝাউতলা রোডের পাশের জমিতে ঘাস কাটতে গেলে কালভার্টের নিচে লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন।
নিহত ব্যক্তির বড় ছেলে জাহেদুল ইসলাম বলেন, ‘রোববার রাত সাড়ে সাতটায় আমাকে বাবা ফোন করে বলেন, তোমার মামার দোকানে বাজার রেখে গেছি, নিয়ে যাও। পরে আবার বলেন, নিতে হবে না। এরপর বাবার সাথে আর কথা হয়নি।’