কালভার্টের পাটাতন সরে গেছে, চলাচলে ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর-ঢাকা মহাসড়কে বিরামপুর পৌর শহরের মির্জাপুরে কালভার্টের ওপর বসানো স্টিলের পাটাতন সরে গেছে। ছবিটি গত রোববার সকালে তোলা l প্রথম আলো
দিনাজপুর-ঢাকা মহাসড়কে বিরামপুর পৌর শহরের মির্জাপুরে কালভার্টের ওপর বসানো স্টিলের পাটাতন সরে গেছে। ছবিটি গত রোববার সকালে তোলা l প্রথম আলো

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুরে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ক্ষতিগ্রস্ত কালভার্টের ওপর বসানো স্টিলের পাটাতন সরে গেছে। এ কারণে ওই স্থানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কার্যালয় সূত্র জানায়, মির্জাপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক কার্যালয়ের সামনের কালভার্টটি মাস চারেক আগে ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কালভার্টের ওপর অস্থায়ীভাবে স্টিলের পাটাতন বসানো হয়।

গত রোববার গিয়ে দেখা যায়, কালভার্টের পূর্ব দিকের উত্তর ও দক্ষিণ অংশের দুটি পাটাতন সরে গেছে।

যানবাহন চালকেরা বলেন, বিশেষ করে রাতের বেলা ওই স্থানে সাইকেল, মোটরসাইকেলের চাকা পাটাতনের ফাঁকে আটকে গিয়ে দুর্ঘটনা ঘটছে। কালভার্টটিতে একই সঙ্গে বড় যানবাহনের সঙ্গে ছোট যানবাহন উঠলেই ছোট যানবাহনগুলোর চাকা পাটাতনের ফাঁকে আটকে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের বিরামপুর শাখা সূত্র জানায়, দিনাজপুর-ঢাকা মহাসড়ক দিয়ে প্রতিদিন দুই হাজারের বেশি বড় যানবাহন এবং বিরামপুর-ভাদুরিয়া ও বিরামপুর-হিলি পথে সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাভ্যান নিয়মিত চলাচল করে।

পাটাতনের ফাঁকে আটকে যাওয়া রিকশাচালক আ. রউফ বলেন, ‘মাস খানেক আগে ব্রিজটার পাতগুলা খুলে গেইছে। কেউ লাগায় না। নিত্যদিন গাড়ির চাকা ওটাত আটকে যাচে। মোটরসাইকেল আলারা ছিটকে পড়োছে। কোনদিন বা কে বা মরে।’

দিনাজপুর অটোটেম্পো ও অটোরিকশা মালিক সমিতির বিরামপুর শাখার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন গতকাল বলেন, কালভার্টের পাটাতন সরে যাওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ কবির বলেন, কালভার্টটি দ্রুত সংস্কারের বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।

দিনাজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুরুজ মিয়া বলেন, কালভার্টটি নতুন করে নির্মাণ করতে হবে। বাজেট না থাকায় অস্থায়ীভাবে স্টিলের পাটাতন দিয়ে চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। অচিরেই কালভার্টটি নির্মাণে অর্থ বরাদ্দ আসবে। তখন কাজ হবে। এর আগে পাটাতনগুলো দ্রুত ভালোভাবে লাগানো হবে।