কালভার্টের প্রতিরক্ষা দেয়ালে ফাটল
সুনামগঞ্জ সদরের টুকেরঘাট থেকে জামালগঞ্জ উপজেলার সাচনা সড়কে নির্মিতব্য পাঁচটি কালভার্টের মধ্যে একটির প্রতিরক্ষা দেয়ালে ফাটল দেখা দিয়েছে। দুটি কালভার্টের রেলিং বাঁকা। তিনটির রেলিংয়ের সঙ্গে সংযোগ সড়কের প্রতিরক্ষা দেয়ালের রেলিংয়ে সামঞ্জস্য নেই।
এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে কালভার্টগুলোতে এ সমস্যা দেখা দিয়েছে। তিন কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়েছে। তবে কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। যেকোনো সময় চূড়ান্ত বিল তুলে নিতে পারেন ঠিকাদার।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ওই সড়কে গত বছরের জানুয়ারি থেকে কাজ শুরু হয়। সিলেটের পিএল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। কাজের তদারকের দায়িত্বে আছেন সুনামগঞ্জ সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম বলেন, একটি কালভার্টের প্রতিরক্ষা দেয়াল ধসে পড়ার পর ঠিকাদার আবার সেটির কাজ করেছেন। কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়নি। কাজ পুরোপুরি শেষ না হলে বিল দেওয়া হবে না। কাজ শেষের পর এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে ঠিকাদারকে সেটিও সংস্কার করে দিতে হবে।
সরেজমিনে দেখা গেছে, নিধিচর গ্রামের পাশের কালভার্টের পশ্চিম দিকের প্রতিরক্ষা দেয়ালের এক পাশ দুই মাস আগে সামান্য বৃষ্টিতে ধসে পড়ে। সেটি আবার নির্মাণ করা হয়। নতুন করে নির্মাণ করা ওই দেয়ালে আবার ফাটল দেখা দিয়েছে। হেলে গেছে একদিকে। মাটি দিয়ে আটকে রাখা হয়েছে সেটি। এটির ও ইসলামগঞ্জ বাজারের পাশের কালভার্ট দুটির রেলিং বাঁকা। হোসেনপুর, গৌরারং ও বেড়াজালি গ্রামের পাশের কালভার্ট তিনটির রেলিংয়ের সঙ্গে সংযোগ সড়কের প্রতিরক্ষা দেয়ালের রেলিংয়ে সামঞ্জস্য নেই। এগুলোর মাঝখানে ফাঁকা।
বেড়াজালি গ্রামের শাহ নূর বলেছেন, ‘সব কটি কালভার্টের কাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাজ হচ্ছে যেনতেনভাবে। বিষয়টি নিয়ে সওজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। কাজের মান নিয়ে অভিযোগ করেছি। কিন্তু তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি।’
নিধিচর গ্রামের শওকত আলী বলেন, সামান্য বৃষ্টিতে একটির দেয়াল ধসে পড়েছে। এখন যেভাবে মাটি ফেল ঠেস দিয়ে রাখা হচ্ছে, সেগুলোও টিকবে না। বৃষ্টি শুরু হলে আবার ধসে পড়বে। কাজে অনিয়মের কারণেই এটা হয়েছে।
পিএল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সুব্রত রায় বলেন, ‘আমি আসলে সবকিছু জানি না। কাজ আমার হলেও সেটি অন্যরা করছে। খোঁজ নিয়ে দেখতে হবে কোনো সমস্যা আছে কি না।’