কালভার্টের মুখ বন্ধ, হাজার একরের ধান নষ্টের শঙ্কা
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম এলাকায় একটি কালভার্টের মুখ বন্ধ করে পুকুরের পাড় নির্মাণ করেছেন বেল্লাল হোসেন নামের এক প্রভাবশালী ব্যক্তি। এতে পানি সরতে না পারায় উপজেলার দেশীগ্রাম ইউয়িনের এক হাজার একর জমির রোপা আমন ধান তলিয়ে গেছে। শিগগিরই ব্যবস্থা না নিলে ধানগাছ পচে নষ্ট হয়ে যাবে বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করেছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে আবু সাইম ২ আগস্ট আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আরজি এবং গ্রামবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে বর্ষাকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের এক হাজার একর জমিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছিল। এ সমস্যা দূর করতে এলাকার কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কাঁটাগাড়ী সড়কে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় একটি কালভার্ট নির্মাণ করা হয়। কয়েক মাস আগে কালভার্টের দক্ষিণ পাশের একটি সরকারি জলাশয় ইজারা নেন স্থানীয় বেল্লাল হোসেন। জুলাই মাসের প্রথম দিকে তিনি পুকুর কাটার জন্য ওই স্থানে পাড় নির্মাণ করেন। এতে কালভার্টের মুখ বন্ধ হয়ে যায়। এ কারণে বৃষ্টির পানি সরতে না পারায় ইউনিয়নের বলদীপাড়া, দেশীগ্রাম, টাগড়া, উত্তর শ্যামপুর, উষাইকোল ও সিংগারপাড়া গ্রামের এক হাজার একর জমির রোপা আমন ধান তলিয়ে যায়। এ বিষয়ে দেশীগ্রামের কৃষক সায়েম আলী, ইস্রাফিল, সুলতান মাহমুদসহ ২৮ জন কৃষক গত ২৪ জুলাই বেল্লাল হোসেনের বিরুদ্ধে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিনই ইউএনও দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সামাদ মাস্টারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী ইউপি চেয়ারম্যান শ্রমিকদের দিয়ে পাড় কেটে পানি সরানোর ব্যবস্থা করেন। কিন্তু কয়েক দিন পরই আবার পুকুরের পাড় নির্মাণ করা হয়। এ ব্যাপারে আবার ক্ষতিগ্রস্ত কৃষকেরা আদালতে মামলা করেছেন। বেল্লাল হোসেন কালভার্টের মুখ বন্ধ করে পুকুরের পাড় নির্মাণের কথা স্বীকার করেছেন। ইউএনও শরীফ রায়হান জানান, ওই কালভার্ট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য কৃষি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বেল্লাল হোসেন ইজারা বাতিল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, ইউএনওর নির্দেশে ওই ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে কালভার্টের মুখ খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।