কালভার্টের রেলিং নেই, ঝুঁকি নিয়ে চলছে যান
রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সিকদার রাস্তার মাথার কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। চার বছর ধরে এর দুই পাশে কোনো রেলিং নেই। একই সঙ্গে প্রস্থে কম হওয়ায় এর ওপর দিয়ে একসঙ্গে দুটি গাড়ি চলাচল করতে পারে না। এ বছরই এই কালভার্টের ওপর থেকে পড়ে গিয়ে একজন নিহত ও অনেক লোক আহত হয়েছে। প্রতিদিন বিভিন্ন যানবাহন এক রকম ঝুঁকি নিয়ে চলাচল করছে।সংশ্লিষ্টরা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, যশোর, রংপুর, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার যানবাহন চলাচল করে। প্রতিবছর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে সড়কের প্রস্থ বাড়ানো হয়। কিন্তু কালভার্টের প্রস্থ বাড়ানো হয়নি। এর দৈর্ঘ্য ১৮-২০ ফুট ও প্রস্থ প্রায় ১২ ফুট। এলাকার বাসিন্দাদের কয়েকজন জানান, রায়পুর থেকে নোয়াখালী পর্যন্ত সড়কে এমন সরু কালভার্ট আর নেই। চার বছর আগে এর দুই পাশের রেলিং ভেঙে যায়। এখন পর্যন্ত রেলিং নির্মাণ করা হয়নি। জানুয়ারি মাসে এই এর ওপর দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস পাশর খালে পড়ে যায়। এ ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয় এবং ওই বাসের চালক শহীদ উল্লাহ নিহত হন। উত্তর চরমোহনা গ্রামের স্কুলছাত্র আনোয়ার হোসেন গত সেপ্টেম্বর মাসে বাইসাইকেল নিয়ে যাওয়ার সময় নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা পাটওয়ারী বলেন, ‘কালভার্টটি সংস্কার করার প্রয়োজনীয়তার বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।’সওজের লক্ষ্মীপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এ কে এম আজাদ রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণ ব্রিজ শনাক্তের কাজ চলছে। ওই ব্রিজগুলো নির্মাণ ও সংস্কারের জন্য একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’