কালরাতের হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘২৫ মার্চ ভোর রাত। ফুলার রোডের ১১ নম্বর বাসার নিচতলায় আমার বড় ভাই, ভাবি ও তাঁদের চার সন্তানসহ ঘুমিয়েছিলাম। হঠাৎ কড়া নাড়ার শব্দে দরজা খোলেন বড় ভাই। বাসায় ঢোকে কয়েকজন পাকিস্তানি হানাদার। আড়াল থেকে দেখলাম ভাই তাদের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে দুই হাত তুলে দাঁড়ালেন। এমন সময় হানাদারেরা বেয়োনেট দিয়ে আঘাত করল তাঁর গলায়, কেটে ফেলল দুই হাত। হানাদারেরা চলে গেলে আমি দৌড়ে যাই। আমার হাতের ওপর ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সামনে গতকাল মঙ্গলবার এভাবে বড় ভাইকে নির্মমভাবে হত্যার বর্ণনা দেন মো. আমিনুল হক। তাঁর বড় ভাই মো. সাদেক ছিলেন ইউনির্ভাসিটি ল্যাবরেটরি স্কুলের শিক্ষক। আমিনুল তদন্ত দলের কাছে ২৫ মার্চের কালরাতে তাঁর ভাইয়ের হত্যাকারী ও তাঁদের দোসরদের বিচার চাইলেন।একাত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহ, হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন, নিজেদের কর্মপরিকল্পনা সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে গতকাল বিশ্ববিদ্যালয়ে যান ট্রাইব্যুনালের কৌঁসুলি ও তদন্ত দলের সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনের আগে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শাপলা কনফারেন্স কক্ষে শহীদ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তদন্ত দলের সদস্যরা। এ সময় উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য হারুন-অর-রশীদ, কোষাধ্যক্ষ মীজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান ও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন। মতবিনিময়ে শহীদ অধ্যাপক রাশিদুল হাসানের মেয়ে রুকাইয়া বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জাকারিয়া মাসুদ, রতন কুমার দে ও অরুন দে বিভীষিকাময় সেই রাতের বর্ণনা দেন। এ সময় কৌঁসুলি সৈয়দ হায়দার আলী, জেয়াদ আল মালুম, আলতাফ উদ্দিন আহমেদ এবং তদন্ত সংস্থার সদস্য মতিউর রহমান ও মো. আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।সভায় সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে শহীদ পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানান ট্রইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ। দুপুর সাড়ে ১২টার দিকে তদন্ত দলের সদস্যরা জগন্নাথ হলে গিয়ে তদন্ত কর্মকর্তারা মুক্তিযুদ্ধকালে ওই হলের শহীদ শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের গণসমাধি পরিদর্শন করেন। পর্যায়ক্রমে তাঁরা শামসুন্নাহার হল, রোকেয়া হল ও জহুরুল হক হলে হত্যাকাণ্ডের স্থান ও সমাধি পরিদর্শন করেন।