কালশী হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের কালশী হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অাইনজীবী ও মানবাধিকারকর্মীরা৷ এ ছাড়াও আটকে পড়া উর্দুভাষীদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বৃহস্পতিবার আয়োিজত আলোচনা সভায় এই দাবি জানানো হয়৷ রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) ও মানুষের জন্য ফাউন্ডেশন ‘কালশী হত্যাকাণ্ড এবং ক্যাম্পে অবস্থানরত উর্দুভাষী জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা’ শীর্ষক এই মুক্ত আলোচনার আয়োজন করে৷
কালশীর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে সভার সভাপতি আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ, ফেনী ও কালশীর মতো ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিটা ঘটনায় সংসদ সদস্যরা জড়িত কিন্তু কাউকেই শাস্তি দেওয়া হয়নি। এটা আইনের শাসন হতে পারে না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আতশবাজিকে কেন্দ্র করে এটা ঘটেনি। এটা পরিকল্পিত ঘটনা। আর এ ঘটনার মূল হোতা ইলিয়াস মোল্লাহকে কেন গ্রেপ্তার করছে না, সে জন্য রাষ্ট্রকে একদিন জবাবদিহি করতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, বর্তমান সরকার ধর্মের, মুক্তিযুদ্ধের ও মানবতার কথা বলে, তবে তা পালন করে না। কালশী হত্যাকাণ্ডের ঘটনা নারায়ণগঞ্জের সাত হত্যাকাণ্ডের চেয়েও ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, ‘শুধু জমি দখল করতে এমন নৃশংস হত্যা করার সাহস ইলিয়াস মোল্লাহ কোথায় পায়?’
কালশীতে নিহত আজাদের স্ত্রী সুলতানা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজাদকে পুলিশ গুলি করে হত্যা করেছে৷ আমরা এর বিচার চাই।’
রামরুর নির্বাহী পরিচালক সি আর আবরার, সাংবাদিক আফসান চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক রিনা রায়, নারীপক্ষের ফরিদা আকতার, মেহনতি মানুষের সভাপতি বেগম মেহেরুন্নেসা হক, জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষে ফজলুল হক লালা প্রমুখ সভায় বক্তব্য দেন৷