কালশীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কালশী এলাকায় গতকাল বুধবার গাড়ির ধাক্কায় শারমিন আক্তার (১৭) নামে এক ছাত্রী মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শারমিন শহীদ অনোয়ার গার্লস কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।
ক্যান্টনমেন্ট থানার পুলিশ বলেছে, শারমিন মা-বাবার সঙ্গে মাটিকাটা এলাকায় থাকত। তার বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শ্যাম মিয়া। গতকাল দুপুরে একটি প্রাইভেট কার কালশী সড়কে শারমিনকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর সন্ধ্যায় সে মারা যায়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কালশী-মাটিকাটা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় তাঁরা বিক্ষোভ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। বিক্ষোভকারীরা ঘটনাস্থলে গতিরোধক বসানোর দাবি জানান। এই অবরোধ চলাকালে মিরপুর, পল্লবী ও কালশী উড়ালসড়কসহ আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশের ক্যান্টনমেন্ট বিভাগের সহকারী কমিশনার কুদরত-ই-খুদা বলেন, ওই গাড়ির চালককে খুঁজে বের করার আশ্বাস দেওয়ার পর এলাকাবাসী রাস্তা থেকে সরে যান।