কালশীর নতুন রাস্তায় হাঁটুর ওপরে পানি

সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় মিরপুরের বিপণিবিতানগুলো ক্রেতাশূন্য হয়ে পড়ে। গতকাল বুধবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় ব্যবসায়ীরা বড় রকমের বেচাকেনার আশা করেছিলেন। বৃষ্টির কারণে তা হয়নি। তবে দুপুরের পর বৃষ্টি কমলে ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের সমাগম বাড়ে।
বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ফুটপাতের ব্যবসায়ীরা। মিরপুর-১ নম্বর, মিরপুর-১০ নম্বর ও পল্লবী এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির কারণে ফুটপাতের ব্যবসায়ীরা দোকান খুলতেই পারেননি। হলুদ-নীল রঙের ত্রিপল দিয়ে তাঁদের সামগ্রীগুলো ঢেকে রেখেছেন। কেউ কেউ বাঁশের সঙ্গে প্লাস্টিকের পলিথিন টানিয়ে দোকান খোলার চেষ্টা করছেন।
মিরপুর-১ নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের ফুটপাতে নিজের বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মো. খলিল। বললেন, ‘ভাইরে, ভাবছিলাম শবে কদরের বন্ধ আছে, দেদার ব্যবসা করুম। আজকের দিনটারে টার্গেট করছিলাম, সব লস হইয়্যা গেল।’
ফুটপাতের অন্তত ১৫ জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকেই তাঁরা দোকান বসাতে পারেননি। বৃষ্টি হচ্ছিল থেকে থেকে। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলে দোকান বসানোর চেষ্টা করেছেন। কিন্তু আবার বৃষ্টি শুরু হওয়ায় তা গুটিয়ে নিয়েছেন।
এদিকে ক্রেতারা অনেকেই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই কেনাকাটা করতে বের হন। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মো. সোবহান পরিবার নিয়ে এসেছিলেন মিরপুর-১০ নম্বরের শাহ আলী মার্কেটে কেনাকাটা করতে। বললেন, ‘আজকে সন্ধ্যায় বাস। বেতন-বোনাস পেলেও অফিসে ছুটি পাইনি। সব কেনাকাটা জমায় রেখেছিলাম, তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই বের হতে হলো।’
গতকালের বৃষ্টিতে মিরপুরের কালশী নতুন রাস্তাটি কয়েক ফুট পানির নিচে তলিয়ে যায়। অথচ এ বছরের শুরুর দিকেই রাস্তাটির সংস্কারকাজ শেষ হয়েছে।
গতকাল দুপুর ১২টার দিকে দেখা যায়, কালশীর নতুন রাস্তার সাংবাদিক আবাসিক এলাকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে কালশী বাজার পর্যন্ত সড়ক খানিক ঢালু। ঢালু জায়গায় সড়কের দুই পাশেই পানি জমে আছে। যানবাহন চলার গতি ধীর। যানজট লেগে আছে।
এ সড়কে চলাচলকারী বসুমতী পরিবহনের একটি বাসের চালক সুজন বলেন, ‘রাস্তা হইছে কয়দিন হয় নাই, এখনই বৃষ্টি হইলে দু-তিন ঘণ্টায় পানি সরে না। একটুখানি রাস্তা পার হতে ২০-২৫ মিনিট লেগে যাচ্ছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্র জানায়, ‘আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০১৪ উপলক্ষে রাস্তা উন্নয়ন’ নামের প্রকল্পের অধীনে রাস্তাটি সংস্কার করা হয়। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এ বছরের শুরুর দিকে রাস্তাটির সংস্কারকাজ শেষ হয়েছিল।
নতুন রাস্তায় এ রকম পানি জমে থাকছে কেন, জানতে চাইলে এ প্রকল্পের পরিচালক ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন হলো আমি দায়িত্ব নিয়েছি। রাস্তাতে পানিনিষ্কাশনের ব্যবস্থা রেখেই সংস্কার করা হয়েছে। কেন পানি সরছে না, সেটা দেখতে হবে।’