কালসির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে কালশী নতুন রাস্তাসংলগ্ন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের একটি জায়গায় রাস্তার পাশেই সিটি করপোরেশনের সংগ্রহ করা ময়লা ফেলা হচ্ছে। এসব ময়লা পচে কালশীসহ আশপাশের এলাকার বাতাস দুর্গন্ধে ভারী হয়ে উঠেছে। লোকজন নাক চেপে চলাচল করছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।
একাধিক এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস ধরে এখানে নিয়মিতই ময়লা ফেলা হচ্ছে। প্রতিদিন ১০ থেকে ১৫ ভ্যান ময়লা ফেলা হয়। ময়লা নিতে সিটি করপোরেশনের ট্রাকও আসে না। ময়লা ফেলার কোনো কনটেইনারও নেই।
ময়লা ফেলতে আসা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মী মো. রানা বলেন, ‘আজ নিয়ে দুই-তিন দিন ময়লা ফেলছি। আমরা ময়লা ফেলে গেলে সিটি করপোরেশনের ট্রাক এসে ময়লা তুলে নেয়।’
মিরপুর ১১ ও ১২ নম্বরের বিভিন্ন ব্লক থেকে ময়লা সংগ্রহ করে এখানে নিয়ে আসে সিটি করপোরেশনের ময়লা সংগ্রহের কাজে নিয়োজিত কর্মীরা। পচা আবর্জনা বদ্ধ জলাশয়ের পানির সঙ্গে মিশে ছড়িয়ে যাচ্ছে বালুর মাঠ, কালাপানি, বেগুনটিলা বস্তি, মানিকদী নামাপাড়া, বাউনিয়া বাঁধ, বালুর ঘাটসহ বিভিন্ন এলাকায়। এসব এলাকায় ঘা-পাঁচড়া রোগের প্রাদুর্ভাব বাড়ছে। দুর্গন্ধযুক্ত বাতাসের কারণে শ্বাসকষ্টে ভুগছে শিশুরা। নতুন রাস্তার পুরোনো মালপত্র ক্রয়-বিক্রয়ের দোকানি মো. ইউসুফ বলেন, ‘মাস দুয়েক হচ্ছে ময়লা ফেলছে। সিটি করপোরেশনের গাড়ি এসে ময়লা ওঠায়—এমনটা কোনো দিনই দেখিনি। মাঝেমধ্যে দুর্গন্ধে বমি আসে। লোকজন নাকে হাত দিয়ে যাতায়াত করে।’
৪ অক্টোবর এলাকা ঘুরে দেখা যায়, মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ভ্যানে করে ময়লা এনে ফেলা হচ্ছে এখানে। কয়েকজন লোক লম্বা নিড়ানি দিয়ে ময়লাগুলো জলাশয়ের ভেতরে ঠেলে দেওয়ায় বাতাসে ছড়িয়ে পড়ছে উৎকট গন্ধ। এই ময়লা গিয়ে মিশছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বন্ধ জলাশয়ে। পানি দূষিত হচ্ছে, দুর্গন্ধের মাত্রা বাড়ছে।
মিরপুরের এ অংশটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের মধ্যে পড়েছে। এ বিষয়ে জানতে আঞ্চলিক কার্যালয়ে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওখানে ময়লা ফেলাটা অন্যায়। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, ময়লা ফেলা বন্ধ করে দেব।’
ওই কর্মকর্তা আরও বলেন, ‘জায়গাটা ভরাটের জন্য স্থানীয় ওয়ার্ড কমিশনারের মাধ্যমে ওই জমির মালিকই আমাদের ময়লা ফেলার কথা বলেছিলেন। উনি আরও বলেছিলেন, প্রতিদিন ময়লা ফেলার পর সেটি বালু দিয়ে ঢেকে দেবেন, তাহলে আর দুর্গন্ধ ছড়াবে না। তিনি কথামতো কাজ করেননি, তাই ওখানে আর ময়লা পাঠানো হবে না।’