কালাই আ.লীগের ৩৩ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ৩৩ নেতা পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল বারীর নেতৃত্বে ক্ষুব্ধ নেতারা জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতির কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।পদত্যাগপত্রে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার জামায়াত-বিএনপির সঙ্গে আঁতাত করছেন। তিনি নিজ দলের নেতা-কর্মীদের নির্যাতন করেন। দলের নাম ভাঙিয়ে টাকা কামান। সর্বশেষ তিনি বেসরকারি একটি টিভি চ্যানেলের সাংবাদিককে প্রকাশ্যে মারধর করেছেন বলে অভিযোগ আনা হয়।দলীয় সূত্রে জানা গেছে, ৬৪ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির ৩৩ নেতার পদত্যাগপত্র গৃহীত হলে গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা কমিটি বিলুপ্ত হবে। উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ২০০৪ সালে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সভাপতি হন সাবেক পৌর প্রশাসক খন্দকার হালিমুল আলম ও সাধারণ সম্পাদক হন বর্তমান পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার। সম্মেলনের কিছুদিন পর সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে উপজেলা কমিটি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।পদত্যাগকারী ৩৩ নেতার মধ্যে সভাপতি ছাড়াও রয়েছেন তিনজন সহসভাপতি, একজন সাংগঠনিক সম্পাদক, একজন যুগ্ম সম্পাদক, কৃষি সম্পাদক, ধর্ম সম্পাদক, শিক্ষা সম্পাদক, সহ-প্রচার ও দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, শ্রম সম্পাদক ও বাকিরা কার্যকরী কমিটির সদস্য।পদত্যাগী সভাপতি খন্দকার হালিমুল আলম বলেন, ‘একজন নেতার নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়া এবং সংবাদ পরিবেশনের দায়ে সাংবাদিককে মারধরের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ডের দায় দলের সবাই নিতে পারি না। সাধারণ সম্পাদকের বিতর্কিত কর্মকাণ্ডে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল। তাই উপজেলা কমিটি থেকে আমরা পদত্যাগ করেছি।’জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম বলেন, ‘পদত্যাগপত্রটি গ্রহণ করা হবে কি না তা জেলা কমিটির সভায় সিদ্ধান্ত হবে।’পৌর মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার বিদেশে থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে তাঁর সমর্থিত উপজেলা কমিটির সহসভাপতি আহসান হাবিব চৌধুরী বলেন, ‘৩৩ নেতার পদত্যাগপত্র গৃহীত হলে কমিটি বিলুপ্ত হবে কি না, সেটা গঠনতন্ত্রের বিষয়। তবে এতগুলো নেতার একযোগে পদত্যাগের ফলে কমিটির গ্রহণযোগ্যতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে।’