জয়পুরহাটের কালাই উপজেলা যুবদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার কালাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এবং পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভা করে পৃথক এই কমিটি ঘোষণা করা হয়। এদিকে জয়পুরহাট প্রেসক্লাবে গতকাল পৃথক সংবাদ সম্মেলন করে দুই পক্ষই গত মঙ্গলবারের সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে। মাত্র দেড় শ গজের মধ্যে যুবদলের পাল্টাপাল্টি সম্মেলনকে কেন্দ্র করে ওই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের সাংসদ মোজাহার আলীর অনুসারী যুবদলের একাংশের মতবিনিময় সভায় নতুন কমিটির পরিচিতি তুলে ধরেন উপজেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সভাপতি মো. তাজউদ্দিন। তিনি জানান, নতুন কমিটিতে তিনি সভাপতি, এফতাদুল ইসলাম সাধারণ সম্পাদক ও সউদ তালুকদার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কালাই পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সাংসদ গোলাম মোস্তফার অনুসারী যুবদলের অপর অংশের মতবিনিময় সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ জানান, যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে আবদুল আলিম ও আবদুস সবুর নির্বাচিত হয়েছেন। আর পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীম তালুকদার ও কাজী তানভিরুল ইসলাম। সাংসদ গোলাম মোস্তফা গতকাল প্রথম আলোকে জানান, গত মঙ্গলবারের সংঘর্ষে তাঁর ১২ জন নেতা-কর্মী কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে তিনি মামলা করবেন। সাংসদ মোজাহার প্রধানের অনুসারী তাজউদ্দিন বলেন, ‘হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’ কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, কোনো পক্ষ মামলা করেনি। উপপরিদর্শক (এসআই) সেলিম মালিক জানান, সংঘর্ষের ব্যাপারে এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে।পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: জয়পুরহাট প্রেসক্লাবে গতকাল দুপুর ১২টায় সাংসদ মোজাহার আলীর অনুসারী জেলা যুবদল ও কালাই উপজেলা যুবদলের একাংশের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। এ সময় জেলা যুবদলের সভাপতি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ কবিরসহ কালাই উপজেলা যুবদলের একাংশের নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তাঁদের কমিটির নাম ঘোষণা করা হয়। এরপর অভিযোগ করা হয়, গত মঙ্গলবার কালাই থানা যুবদলের ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপি নামধারী সন্ত্রাসীরা সম্মেলনস্থলে ভাঙচুর করে। এতে যুবদলের আট-দশজন কর্মী আহত হন। দুপুর দুইটায় একই প্রেসক্লাবে সাংসদ গোলাম মোস্তফার নেতৃত্বে কালাই থানা ও পৌর যুবদলের সংবাদ সম্মেলনে পাল্টা কমিটির নাম ঘোষণা করা হয়। এ সময় জয়পুরহাট জেলা কৃষক দলের সভাপতি ইসমাইল হোসেন, শহর যুবদলের কাজী আসলাম, ক্ষেতলাল থানা বিএনপির সহসভাপতি ফকরুজ্জামান, জেলা যুবদলের সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এই সংবাদ সম্মেলনে সংঘর্ষের জন্য সাংসদ মোজাহার প্রধানের অনুসারীদের দায়ী করা হয়।