কালাই থানার ওসিসহ দুই কর্মকর্তা প্রত্যাহার
জয়পুরহাটের কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম ও পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। হুন্ডির ২০ লাখ টাকা জব্দের পর তা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পৃথক আদেশে ওসি ফজলুল করিমকে রেলওয়ে পুলিশে এবং সুব্রত কুমারকে রাজশাহী পুলিশ রেঞ্জে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত আগস্টের শেষের দিকে ওসি মো. ফজলুল করিম ও পরিদর্শক সুব্রত কুমার জয়পুরহাট-ঢাকা মহাসড়কের ঠুশিগাড়ি এলাকায় অভিযান চালিয়ে ব্যক্তিগত একটি গাড়ি আটক করেন। গাড়ির চালক ও হুন্ডি ব্যবসায়ীকে নামিয়ে দিয়ে ওসি নিজেই গাড়িটি চালিয়ে সরাসরি তাঁর সরকারি বাসভবনে চলে যান। এরপর গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়। পরে গাড়িতে কিছু ছিল না এমন মুচলেকা নিয়ে পুলিশ আটক হুন্ডি ব্যবসায়ীকে ছেড়ে দেন। তবে ওই ব্যবসায়ী দাবি করেন, গাড়ির পেছনে বস্তায় ২০ লাখ ৩০ হাজার টাকা রাখা ছিল। শহরের কয়েকজন ব্যবসায়ী তাঁর মাধ্যমে ওই টাকা বগুড়ায় পাঠাচ্ছিলেন। হুন্ডি ব্যবসায়ীরা পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের কাছে ওসির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেন। ব্যবসায়ীরা মামলা দায়েরের সিদ্ধান্ত নিলে পুলিশ তাঁদের কিছু টাকা ফেরত দেন।এ নিয়ে গত ২৫ আগস্ট প্রথম আলোতে ‘পুলিশের হাত ঘুরে হুন্ডির টাকা ব্যবসায়ীর হাতে’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। পরে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজির কার্যালয় থেকে ঘটনাটি তদন্তে জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, জেলা পুলিশের তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পুলিশ সদর দপ্তর থেকে কালাই থানার ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।